Mamata Banerjee to visit Spain: স্পেন সফরে মমতার সঙ্গী সৌরভ, থাকছেন তিন প্রধানের প্রতিনিধিরাও
বাংলায় লগ্নি টানতে স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত বছরগুলিতে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সঙ্গী হয়েছেন রাজ্যের শিল্পপতি ও বিশিষ্ট মানুষরা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন ময়দানের প্রতিনি্ধিরাও। এতদিন ধরে চলছিল জল্পনা। বৃহস্পতিবার তাতেই পড়ল সিলমোহর। এই বিদেশ সফরে বার্সেলোনায় তাঁর সঙ্গী হচ্ছেন খোদ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
খাতায় কলমে আইকন না হলেও বাংলার মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই সভাপতির বিশ্ব ক্রীড়া জগতে প্রভাব অপরিসীম। স্পেন খেলাধুলার জন্য সারা বিশ্বেই বিখ্যাত বিশেষ ফুটবল টেনিসে। তাই সৌরভ ছাড়াও এই সফরে মমতার সঙ্গে যাবেন মোহনবাগান-ইস্টবেঙ্গল এবং মহমেডান ক্লাবের প্রতিনিধিরাও।

আগামী ১২ সেপ্টেম্বর স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মমতার সফরসূচিতে রয়েছে স্পেনের রাজধানী শহর মাদ্রিদ এবং বাঙালিদের কাছে একদা 'মেসির শহর' বলে পরিচিত বার্সেলোনা। তবে দুই শহরের সঙ্গেই ফুটবলপ্রিয় বাঙালির গভীর যোগ রয়েছে। মাদ্রিদের দু'টি ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো ডি'মাদ্রিদ বিশ্ববিখ্যাত।
মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে এই সফরে যাবেন সচিব দেবাশিস দত্ত। তবে বাকি দুই ক্লাব থেকে কে যাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। ফুটবলে লগ্নি টানতে বা দুই প্রধানের সঙ্গে রিয়াল বা বার্সেলোনার কোনও চুক্তি সম্পাদিত হবে কি এই সফরে? সেদিকেই তাকিয়ে বঙ্গ ফুটবল মহল। তবে মুখ্যমন্ত্রীর সফরে ময়দানের প্রতিনিধিদের উপস্থিতির তাৎপর্যই আলাদা।

সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন, সেখান থেকে সুইৎজারল্যান্ড সফরে যাওয়ার কথা তাঁর। সম্ভবত বার্সোলোনাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে যোগ দেবেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলে সূত্রের খবর। সৌরভ গঙ্গোপাধ্যায়কে ইতিমধ্যেই অতিথি হিসেবে যোগদানের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে।
তবে সুনীল ছেত্রীকেও এই সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, সদ্য বাবা হয়েছেন ভারত অধিনায়ক। তাই পারিবারিক কারণে জাভি-ইনিয়েস্তাদের দেশে যেতে পারছেন না সুনীল। যদিও সৌরভ বা তিন প্রধানের প্রতিনিধিদের এই সফরে কী ভূমিকা থাকবে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

১২ তারিখ মুখ্যমন্ত্রীর বিদেশ সফর শুরু হচ্ছে। প্রথমে স্পেনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের শিল্পপতিদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে। তারপর ২৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা বিদেশ সফরে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে বিদেশি লগ্নি আনার লক্ষ্যেই এই বিদেশ সফরে যাচ্ছেন মমতা। তাঁর সঙ্গে রাজ্যের শিল্পপতিদের একটি প্রতিনিধিদলও যাবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications