মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ সের্জিও লোবেরা, স্থলাভিষিক্ত হলেন হোসে মোলিনার
মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ বদল হলো। হোসে মোলিনার জায়গায় সবুজ-মেরুনের নতুন হেড স্যর হলেন সের্জিও লোবেরা রডরিগেজ।
বাকি মরশুমের জন্য তিনিই দলের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন। বুধবার তাঁর সঙ্গে চুক্তি হলো মোহনবাগান সুপার জায়ান্টের।

জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, বিশাল কাইথদের নিয়ে ৩০ নভেম্বর থেকেই অনুশীলনে নেমে পড়ছেন লোবেরা। তিনি ওডিশা এফসি থেকে সবুজ মেরুনে এলেন। ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন এই স্প্যানিশ কোচ। তাঁর ঝুলিতে রয়েছে আইএসএল শিল্ড এবং লিগ জয়ের অভিজ্ঞতা। রয়েছে বার্সেলোনার মতো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতাও।
তাঁর এই সাফল্যের কথা মাথায় রেখেই বাকি মরশুমের জন্য সের্জিওর উপর আস্থা রাখছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। চুক্তিতে সই করার পর সের্জিও বলেন, "মোহনবাগান সুপার জায়ান্টে দায়িত্ব নেওয়া আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, রয়েছে আবেগ আর উচ্চাকাঙ্ক্ষা। আমি প্রতিশ্রুতিবদ্ধ এমন একটি দল গড়ে তুলতে, যারা খেলবে সাহসিকতা, নিজস্ব পরিচয় এবং জয়ের মানসিকতা নিয়ে। আমরা একসঙ্গে কাজ করব, যাতে এই অধ্যায় হয়ে ওঠে অবিস্মরণীয়।''
একই সঙ্গে তিনি বলেছেন, "এই দলে আছে প্রতিভা আর হৃদয়ের শক্তি, যা ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে সক্ষম। আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে। মোহনবাগান শীর্ষে থাকার যোগ্য, আর আমরা প্রতিদিন কাজ করব সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে।"












Click it and Unblock the Notifications