ISL 2021-22: লাল হলুদের তৃতীয় বিদেশি চিমা! এসসি ইস্টবেঙ্গলে আসা টমিস্লাভ ভেঙেছিলেন গোলপোস্ট
আমির দারভিসেভিচের পর দ্বিতীয় বিদেশির নাম ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল। অস্ট্রেলিয়ার জাতীয় দলে থাকা এবং এ লিগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন সেন্টার ব্যাক টমিস্লাভ মর্সেলা এক বছরের জন্য লাল হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। একইসঙ্গে নাইজেরিয়ার ৩০ বছর বয়সি স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকউ-র সঙ্গেও এসসি ইস্টবেঙ্গলের চুক্তি সারা হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি।

৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ডিফেন্ডার টমিস্লাভ ২০১৮ থেকে ২ বছর অস্ট্রেলিয়ার এ লিগে খেলেছেন পারথ গ্লোরির হয়ে। এই ক্লাবের এ লিগ প্রিমিয়ারশিপ জেতার পিছনে বড় অবদানও ছিল টমিস্লাভ মর্সেলার, যাঁর অস্ট্রেলিয়ার পাশাপাশি ক্রোয়েশিয়ার নাগরিকত্বও রয়েছে। এসসি ইস্টবেঙ্গলের ওয়েবসাইটকে টমিস্লাভ বলেছেন, এসসি ইস্টবেঙ্গলে সই করতে পেরে আমার ভালো লাগছে। ভারতে খেলা আমার কয়েকজন বন্ধুর কাছ থেকে এই ক্লাবের ব্যাপারে জেনেছিলাম। এই ক্লাবের খ্যাতির কথা সম্পর্কেও আমি ওয়াকিবহাল। এসসি ইস্টবেঙ্গলের রক্ষণভাগ দুর্ভেদ্য রাখতে আমি নিজের সেরাটা দিতে প্রস্তুত, আমার অভিজ্ঞতাও ভাগ করে নেব সতীর্থদের সঙ্গে। দলের পক্ষে যেটা ভালো হয় তা সুনিশ্চিত করতে ড্রেসিংরুমে ভালো পরিবেশ বজায় রাখতে যা যা করার দরকার তাই করব। গ্যালারিতে ক্লাবের সমর্থকরা হাজির থাকতে পারবেন না। কিন্তু তাঁদের মুখে হাসি ফোটাতে আমরা সেরাটাই দেব, নতুন মরশুমের অপেক্ষায় রয়েছি।
এরই মধ্যে ভাইরাল হয়েছে টমিস্লাভের খেলার একটি ভিডিও। ২০১৮ সালে জে লিগে পারথ গ্লোরির হয়ে খেলার সময় তিনি গোলপোস্ট ভেঙে দিয়েছিলেন। গোল করতে উদ্যত হয়ে জোরে দৌড়ে গোললাইন পেরিয়ে নেটে নিজেই জড়িয়ে গিয়েছিলেন, আর তাতেই কাত হয়ে গিয়েছিল গোলপোস্ট। পারথে জন্ম হলেও ক্রোয়েশিয়ায় বড় হয়েছেন টমিস্লাভ। ২০০১ সালে আরএনকে স্প্লিটের ডালমেশিয়ান ইউথ আকাদেমিতে যোগ দেন। আরএনকে স্প্লিটে আট বছর কাটানোর পর বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। লোকোমোটিভার হয়ে প্রথম গোল করেছিলেন। দক্ষিণ কোরিয়ায় জিওন্নাম ড্রাগনসের হয়েও খেলেছেন। ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় অস্ট্রেলিয়ার ২৩ সদস্যের দলেও ডাক পান।
লাল হলুদের তৃতীয় বিদেশির নামও জানা যাচ্ছে। নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা চুকউ এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে খবর। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। ফেসট্যাক স্পোর্টের হয়ে প্রথম খেলতে শুরু করেন। ২০১০ সালে যোগ দেন নরওয়ের প্রথম ডিভিশনের দল লিনে। বিভিন্ন ক্লাবের হয়ে ২৬৪টি ম্যাচ খেলে ৯৫টি গোল করেছেন। চিনের লিগ ওয়ানের গত দুই বছর খেলেছেন। তাইঝু ইউয়ান্ডার হয়ে খেলার পর এবার তিনি আসছেন লাল হলুদে। তাঁর নামে চিমা-র উল্লেখ থাকায় তা আরও বেশি নস্ট্যালজিক করে তুলছে লাল হলুদ সমর্থকদের।












Click it and Unblock the Notifications