লাল হলুদে ভাইজানের শো, নিরাপত্তা খতিয়ে দেখলেন টিম সলমনের সদস্যরা
ইস্টবেঙ্গলে দাবাং শো-র কাউন্টডাউন শুরু হয়ে গেল। লাল হলুদের শতবর্ষের অনুষ্ঠানে এবার যুক্ত হতে চলেছেন বলিউড সুপারস্টার সলমন খান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ ই মে সন্ধ্যায় লেসলী ক্লডিয়াস সরণীতে ঝড় তুলতে চলেছেন ভাইজান। সঙ্গে থাকবেন সোনাক্ষী সিনহা,জ্যাকলিন ফার্নান্ডেজ , প্রভু দেবার মতো তারকারা।

কলকাতায় বেশ কয়েক বছর ধরেই সলমন খানের দাবাং শো হওয়ার কথা চলছিল। কিন্তু নানা কারণে তা বাস্তবায়িত হচ্ছিল না। এবার এই অনুষ্ঠান লাগতে চলেছে লাল হলুদ রঙ। ইকো পার্ক বা অন্য কোথাও নয় আয়োজকরা ইস্টবেঙ্গল মাঠেই এই মেগা শো আয়োজন করার মোটামুটি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। সোমবার টিম সলমনের সদস্যরা কলকাতায় আসেন। দুপুরে ঘুরে দেখেন ইস্টবেঙ্গল ক্লােবর পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা। গোটা বিষয়টি খতিয়ে দেখার পর তারা রিপোর্ট দেবেন বলিউড সুপারস্টারকে।
এর আগে কলকাতার বিভিন্ন স্থানে এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও নিরাপত্তা জড়িত কারণে তা ভেস্তে গিয়েছে।নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ই মে কলকাতায় আসবেন সলমন খান । ১৩ই মে সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে বলি অভিনেতার। সন্ধ্যাবেলা থেকেই শুরু হবে দাবাং শো-র অনুষ্ঠান।
সোমবার দুপুরে ক্লাব তাঁবুতে আসেন সলমন টিমের সদস্যরা তাদের সঙ্গে ছিলেন অনুষ্ঠানের মুখ্য আয়োজক রাজদীপ চক্রবর্তী।মাঠ, তাঁবুর পরিদর্শন এবং ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে আলোচনা শেষে রাজদীপ চক্রবর্তীর সাংবাদিকদের বলেন, 'এই অনুষ্ঠানের জন্য ১৩ই মে দিন ধার্য করা হয়েছে। দিনক্ষণ মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে। এমনকি ইস্টবেঙ্গল মাঠেই যে অনুষ্ঠান হবে তাও এক প্রকার নিশ্চিত। তবে পুলিশের সঙ্গে কথা বলার পরই সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা হবে। ইস্টবেঙ্গলের শতবর্ষে তাদের সংস্থার পক্ষ থেকে এটাই সমর্থকদের উপহার।'
সম্প্রতি ইমেলে প্রাণনাশের হূমকি দেওয়া হয়েছিল সলমনকে। তারপরেই নিরাপত্তা ব্যবস্থা জনিত সমস্যার কথা মাথায় রেখে কলকাতায় সলমন খানের মেগা অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। তবে যাবতীয় জটিলতা আপাতত মিটেছে। অভিযুক্ত হাজতে রয়েছেন ।ইতিমধ্যেই অনুষ্ঠানের জন্য পুলিশের অনুমতিও পেয়ে গিয়েছেন আয়োজকরা ।মেগা শোর জন্য তালিকায় একাধিক ভেন্যু থাকলেও ইস্টবেঙ্গলের ক্লাবই অগ্রাধিকার পেতে চলেছে। সম্ভবত খুব তাড়াতাড়ি সরকারি ঘোষণা হয়ে যাবে। ইভেন্ট ম্যানেজার রাজদীপ চক্রবর্তী জানিয়েছেন, 'সালমান খান ছাড়াও এই অনুষ্ঠানে পারফর্ম করবেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা এবং গায়ক গুরু রানধাওয়া।'
২০২০ সালে শতবর্ষে পা দেয় ইস্টবেঙ্গল ক্লাব। এই উপলক্ষে অক্ষয় কুমারের জমকালো কনসার্ট আয়োজন করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু করোনার জন্য বেশ কিছু অনুষ্ঠান বাতিল করে দিতে হয়। ইস্টবেঙ্গল ক্লাবের গত তিন বছর ধরেই আইএসএলে সাফল্য নেই। মাঠে সাফল্য না থাকলেও মাঠের বাইরে সমর্থকদের চাঙ্গা রাখার উপাদান কিন্তু মজুত ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications