SAFF Championship 2023: ফের জটিলতা, কবে ভারতে আসবে পাকিস্তান ফুটবল দল?
সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তান দলকে নিয়ে সমস্যা মিটেও যেন মিটছে না। এতদিন চলছিল কূটনৈতিক টানাপোড়েন। এবার যুক্ত হল ভিসা সমস্যা। যার জেরে পিছিয়ে গেল পাক ফুটবল দলের ভারতে আগমন।
রবিবার রাতের মধ্যেই মুম্বই হয়ে বেঙ্গালুরু পৌঁছে যাওয়ার কথা পাকিস্তান ফুটবল দলের।কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সোমবার রাত অথবা মঙ্গলবার সকালের আগে বেঙ্গালুরু পৌঁছানো সম্ভব হবে না পাকিস্তান দলের।

শুক্রবারই পাকিস্তান বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জাতীয় ফুটবল দলকে ভারতে আসার সবুজ সংকেত দেওয়া হয়। এরফলে নির্ধারিত সময়ে ভিসার আবেদন করতে পারেনি পাকিস্তান দল।
টুর্নামেন্ট আয়োজক কমিটির এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'আমরা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এআইএফএফ পাক ফুটবল ফেডারেশন এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে সংযোগ রেখে চলেছে। ফলে আশা করা হচ্ছে দ্রুত সমস্যা মিটে যাবে। সোমবার রাত অথবা মঙ্গলবার সকালেই পাকিস্তান দল চলে আসবে।'

ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তান দলকে ভারতে আসার বিষয়ে আগেই সবুজ সংকেত দেওয়া হয়েছিল। কিন্তু পাকিস্তান বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তাদের ফুটবল দলকে ভারতের আসার অনুমতি প্রদান করা হচ্ছিল না। অবশেষে সব জটিলতার অবসান হয়েছিল, কিন্তু ভিসা জট নতুন করে সমস্যার সৃষ্টি করল।












Click it and Unblock the Notifications