Ronaldinho: অভিষেকের গড়ে রোনাল্ডিনহো, বল পায়ে দেখালেন সাম্বা ম্যাজিক
পাঁজি বলছে আজ তৃতীয়া। পুজোর মুডে বাঙালি। কিন্তু শারদীয়ার শহরে রঙ ছড়াচ্ছেন রোনাল্ডিনহো। রবিবার সন্ধ্যায় কলকাতায় এসেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলের এই নক্ষত্র। সোমবার শহরের উত্তর থেকে দক্ষিণ মেতেছিল সাম্বা ম্যাজিকে। মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে অভিষেকের দুয়ারে রোনাল্ডিনহো। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে হাজির হলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা।
সোমবার প্রথম দিনটা কেটেছিল মূলত অ্যাকাডেমি এবং পুজো প্রাঙ্গনেই। তবে সন্ধ্যার পর আইএফএ এবং স্পনসরদের অনুষ্ঠানেও যোগদেন রোনাল্ডিনহো। তবে সফরের দ্বিতীয় দিনে একেবারে মাঠে নেমে পড়লেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা। মঙ্গলবার দুপুরে মহেশতলার বাটা স্টেডিয়ামে আসেন রোনাল্ডিনহো। অভিষেকের খাস তালুকে এসে চেনা মেজাজে ধরা দিলেন ব্রাজিলিয়ান তারকা।

উপালক্ষ্য ছিল পুজো স্পেশ্যাল ম্যাচের সূচনা। ডায়মন্ডহারবার এফসি এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচের সূচনা করলেন রোনাল্ডিনহো। মাঠে নেমে বল দেখলে কী স্থির থাকতে পারেন ব্রাজিলিয়ান তারকা? নিজেই নিলেন বেশ কয়েকটি শট। দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিতও হন। এরপর বল পায়ে দেখা গেল সেই সাম্বা ম্যাজিক।
ফুটবল থেকে অনেকদিনই হল অবসর নিয়েছেন। কিন্তু বল পায়ে দিলেই যেন যৌবন ফিরে পান রোনাল্ডিনহো। রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ও শাসক দলের শীর্ষনেতার সামনেই রোনাল্ডিনহো দেখালেন তাঁর পায়ের যাদু।মাঠ থেকে সোজা উঠলেন অনুষ্ঠান মঞ্চে। সেখানে রোনাল্ডিনহো প্রবেশ করতেই যেন সাম্বা ঝড় উঠল।

এই অনুষ্ঠানে রোনাল্ডিনহোর জন্য ছিল বড় চমক। ম্যাচ শুরুর আগে শুধু ভারতেরই জাতীয় সংগীত গাওয়া হল না, একইসঙ্গে বিশ্বকাপজয়ী তারকাকে সম্মান জানিয়ে পরিবেশিত হল ব্রাজিলের জাতীয় সংগীত।নিজের দেশের জাতীয় সংগীতের সময় গলাও মেলালেন ব্রাজিলের ফুটবল নক্ষত্র। আসলে সংস্কৃতির তো কোনও সীমানা হয় না, তা মিলিয়ে দেয় সাওপাওলো থেকে কলকাতাকে।
এরপর সংবর্ধনার পর্ব। মা দুর্গার একটি বড় প্রতিকৃতি ডায়মন্ডহারবার ক্লাবের পক্ষ থেকে প্রদান করা হল রোনাল্ডিনহোকে। তাঁকে এই উপহার প্রদান করলেন দলের কোচ কিবু ভিকুনা। বাটানগরে আসার আগে সেন্ট জেভিয়ার্স কলেজের একটি অনুষ্ঠানেও যোগ দেন ব্রাজিলিয়ান তারকা।

ইতিপূর্বে পেলে, মারাদোনা, কাফুকে যিনি কলকাতায় এনেছিলেন সেই ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তই ব্রাজিলিয়ান নক্ষত্রকে কলকাতায় আনার মূল কাণ্ডারী। আজ সন্ধ্যার পরও বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর।
কলকাতা সফরের পর বাংলাদেশেও যাবেন ব্রাজিলিয়ান নক্ষত্র। পুজোর আগে সাম্বা ম্যাজিক দুই বাংলাতেই।












Click it and Unblock the Notifications