Ballon d'Or: রদ্রি ব্যালন ডি'অর উৎসর্গ করলেন কাকে? চমকে দেবে স্প্যানিশ তারকার সম্পত্তির পরিমাণ
Ballon d'Or: স্পেনের দ্বিতীয় ফুটবলার হিসেবে ব্যালন ডি'অর খেতাব জিতে নিলেন রদ্রি। এই পুরস্কার তিনি উৎসর্গ করলেন বান্ধবীকে। আর তারপরই চর্চায় রদ্রির সম্পত্তির পরিমাণ।
রদ্রি এবার ব্যালন ডি'অর জেতার পর এমনও জানিয়েছেন, ভবিষ্যতে এই ট্রফি উঠবে লামিনে ইয়ামালের হাতেও। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর রদ্রিই প্রথম ইংল্যান্ডের ক্লাবে খেলে জিতলেন ব্যালন ডি'অর।

একবিংশ শতাব্দীতে রদ্রিই প্রথম স্পেনের পুরুষ ফুটবলার, যাঁর হাতে উঠল ব্যালন ডি'অর। ১৯৬০ সালে লুইস সুয়ারেজের পর এই প্রথম কোনও স্প্যানিশ ফুটবলার এই ঐতিহ্যশালী পুরস্কার জিতে নিলেন। আবেগঘন রদ্রি বলেন, এই বিশেষ দিনে পুরস্কার উৎসর্গ করছি বান্ধবীকে। তাঁকে ছাড়া এই সফর সম্ভব ছিল না। পরিবারের সদস্যদেরও ট্রফি উৎসর্গ করলেন রদ্রি।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, ২৮ বছরের মিডফিল্ডার ১৫.৬ মিলিয়ন পাউন্ড সম্পত্তির অধিকারী। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭০ কোটি টাকা। স্পেনের ইউরো কাপজয়ী সদস্য রদ্রি ম্যানচেস্টার সিটি থেকে প্রতি সপ্তাহে বেতন হিসেবে ২ লক্ষ ৩০ হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় ২ কোটি টাকা পান বলে জানা যাচ্ছে।
ব্রিটিশ সংবাদপত্র সানের প্রতিবেদনে আবার জানানো হয়েছে, ম্য়ানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা চাইছেন রদ্রিকে ক্লাবে ধরে রাখতে সাপ্তাহিক বেতনের পরিমাণ দ্বিগুণ করতে। সেক্ষেত্রে প্রতি সপ্তাহে ভারতীয় মুদ্রায় ক্লাব থেকে ৪ কোটি টাকা পাবেন রদ্রি।
২০২৭ অবধি ম্যান সিটির সঙ্গে চুক্তি রয়েছে রদ্রির। ইউরো কাপে স্পেনকে খেতাব জেতাতে বড় অবদান রাখেন তিনি। টুর্নামেন্টের সেরা প্লেয়ারের পুরস্কারটিও জিতে নেন। ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি গত মরশুমে ১০টি গোল করার পাশাপাশি ক্লাব ও দেশের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪টি গোল করিয়েছেন।
একনজরে ব্যালন ডি'অর পুরস্কার প্রাপকদের তালিকা:
ব্যালন ডি'অর- রদ্রি, ব্যালন ডি'অর ফেমিনিন- আইতানা বনমাতি, কোপা ট্রফি- লামিনে ইয়ামাল, বর্ষসেরা কোচ- কার্লো আনসেলোত্তি, বর্ষসেরা মহিলা কোচ- এমা হায়েস, ইয়াসিন ট্রফি-এমিলিয়ানো মার্তিনেজ, বর্ষসেরা ক্লাব (পুরুষ)- রিয়াল মাদ্রিদ, বর্ষসেরা ক্লাব (মহিলা)- বার্সেলোনা, গার্ড মুলার ট্রফি- হ্যারি কেন ও কিলিয়ান এমবাপে।












Click it and Unblock the Notifications