India vs Qatar: বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হোঁচট ভারতের, কাতার জিতল তিন গোলে
India vs Qatar: ফিফা বিশ্বকাপ ২০২৬ ও এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর যৌথ যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল ভারত। কুয়েতকে ১-০ গোলে হারিয়ে এবার অভিযান শুরু করেছিলেন সুনীল ছেত্রীরা।
আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল এশীয় চ্যাম্পিয়ন কাতার। শুরু থেকেই ভারতের খেলায় নার্ভাসনেস চোখে পড়ছিল। যার ফায়দা নিয়ে শুরুতেই এগিয়ে যায় কাতার। ভারত কয়েকটি আক্রমণ তৈরি করলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়।

যার জেরে আজকের ম্যাচে ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ এ-র পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে রাখল কাতার। ভারতের সঙ্গে এই গ্রুপে রয়েছে কুয়েত ও আফগানিস্তান। এই দুটি দল এখনও জয়ের মুখ দেখেনি। আজকের ম্যাচে ৪ মিনিটে করা মোস্তাফা মশালের গোলে এগিয়ে যায় কাতার।
এরপর দুই দলই কয়েকটি সুযোগ পায়, কিন্তু গোলমুখ খুলতে না পারায় বিরতিতে ফলাফল ছিল ১-০। ৪৭ মিনিটে আলমোয়েজ আলির গোলে কাতার ২-০ ব্যবধানে এগিয়ে যায়। জোড়া গোলে পিছিয়ে পড়ার পর ইগর স্টিমাচের প্রশিক্ষণাধীন দল খানিকটা হতোদ্যম হয়ে পড়ে। কাতারের দাপুটে জয়ে তৃতীয় গোলটি এসেছে ৮৬ মিনিটে, ইউসুফ আবদুরিসাগের পা থেকে।
বর্তমানে কাতার ফিফা দলগত ক্রমতালিকায় রয়েছে ৬১ নম্বরে। চার বছর আগে ২০২২ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কাতারের লাগাতার আক্রমণ রুখে দিয়ে দোহায় ভারত মাঠ ছেড়েছিল ম্যাচ গোলশূন্য রেখে। কিন্তু এবার আর তার পুনরাবৃত্তি ঘটাতে পারেনি স্টিমাচের দল। চলতি বছর দেশের মাটিতে এই প্রথম পরাজয়ের সম্মুখীন হলো ভারত।
দেশের মাটিতে টানা ১৫টি ম্যাচে অপরাজেয় থাকার পর এটিই ভারতের প্রথম পরাজয়। শুরুর দিকেই গোলকিপার অমরিন্দর সিংয়ের ভুলে গোল করার সুযোগ এসে গিয়েছিল আক্রম আফিফের কাছে। তিনি না পারলেও ভারতের নড়বড়ে রক্ষণভাগের সুযোগ নিয়ে ৪ মিনিটের মাথায় এগিয়ে যায় কাতার।
এরপর কখনও সন্দেশ ঝিঙ্গন, কখনও বা অমরিন্দরের জন্যই প্রথমার্ধে কাতার একাধিক গোলের লিড নিতে পারেনি। অনিরুদ্ধ থাপা একটি ভালো সুযোগ তৈরি করেছিলেন আপুইয়ার জন্য, তিনি ক্রসবারের উপর দিয়ে বল মেরে বসেন। কাতারের রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে সুনীল ছেত্রীও ভালো সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু থাপা গোলমুখ খুলতে পারেননি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়ায় কাতার। অমরিন্দর একটি আক্রমণ রুখলেও ৪৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোল হজম করেন। পরিবর্ত হিসেবে নামা সাহাল আবদুল সামাদ ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে পারেননি। সুনীল ও ছাংতেকে কোচ তুলে নেওয়ার পর তৃতীয় গোলটি আসে। ২১ মার্চ ভারতের পরবর্তী খেলা আফগানিস্তানের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications