Manchester Derby: পিছিয়ে পড়েও তিন গোল! ম্যানচেস্টার ডার্বি জয় সিটির, নায়ক ফোডেন
Manchester Derby: প্রিমিয়ার লিগে খেতাব জয়ের দৌড়ে লিভারপুলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি। যদিও এতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ডার্বির বিরতিতে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে দুরন্ত জয় ছিনিয়ে নিল পেপ গুয়ার্দিওলার দল। জোড়া গোল করলেন ফিল ফোডেন।
দুই দলের হয়েই বিশ্ব ফুটবলের একঝাঁক তারকা মাঠে নেমেছিলেন। যদিও ইংল্যান্ডের ফুটবলাররাই ম্যাচের সেরা মুহূর্তগুলি সুনিশ্চিত করলেনষ ৮ মিনিটে ৩০ গজ দূর থেকে নেওয়া শটে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন মার্কাস রাসফোর্ড। বিরতিতে এই গোলেই এগিয়ে ছিল রেড ডেভিলস।
ম্যানচেস্টার সিটি অবশ্য আধিপত্য রেখেই খেলছিল। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর ৫৬ মিনিটে গোল করে সমতা ফেরান ফিল ফোডেন। যদিও এই গোলটি নিয়ে বিতর্ক রয়েছে। রাশফোর্ডকে ফেলে দিয়েছিলেন কাইল ওয়াকার। তবে তারই মধ্যে খেলা চলে এবং ফোডেনের গোল।
কেন আগে ফ্রি-কিক দেওয়া হলো না তা নিয়ে তর্ক করতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইডের ম্যানেজার এরিক টেন হ্যাগ কার্ড দেখেন। ফোডেনের গোলটি অবশ্য দর্শনীয়। ফোডেনের এই গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট রদ্রির। এরপর ৮০ মিনিটে জুলিয়ান আলভারেজের রিটার্ন পাস থেকে ফোডেনের দ্বিতীয় গোল।
ফোডেনের দ্বিতীয় গোলের সৌজন্যেই এগিয়ে যায় ম্যান সিটি। ইনজুরি টাইমে রদ্রির অ্যাসিস্টে গোল করেন নরওয়ের তারকা আর্লিং হালান্ড। যদিও তার আগে তিনি খালি গোল পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন। সাতটি সাক্ষাতে ইউনাইটেডের বিরুদ্ধে ষষ্ঠ জয় পেল সিটি। চলতি মরশুমে প্রিমিয়ার লিগে একাদশ পরাজয় ম্যান ইউ-র।
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের ২৭ ম্যাচে রয়েছে ৬৩ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি। ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে আর্সেনাল। ২৭ ম্যাচে অ্যাস্টন ভিল্লার পয়েন্ট ৫৫। ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ম্যান ইউ। পাঁচে থাকা টটেনহ্যামের পয়েন্ট ২৬ ম্যাচে ৫০।













Click it and Unblock the Notifications