Premier League: প্রিমিয়ার লিগে দুরন্ত সালাহ, লিভারপুলের কাছে চূর্ণ ম্যানচেস্টার ইউনাইটেড
Premier League: প্রিমিয়ার লিগে জঘন্য পরাজয়ের সম্মুখীন হলো ম্যানচেস্টার ইউনাইটেড। আর্নে স্লটের প্রশিক্ষণাধীন লিভারপুল ছিনিয়ে নিল ৩-০ গোলে দুরন্ত জয়।
লুইস দিয়াজ জোড়া গোল করলেন। একটি গোল মোহাম্মদ সালাহর। সালাহ নিজে গোল করলেন, অবদান রাখলেন দুটি গোলের পিছনেও।
এরিক টেন হ্যাগের দলের বিরুদ্ধে শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকে লিভারপুল। তাদের গতির সঙ্গে প্রথমার্ধে একেবারেই মানিয়ে নিতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৫ মিনিটের মাথায় হেডে গোল করেন দিয়াজ। তার আগে অবশ্য ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের প্রয়াস ভিএআর প্রযুক্তির দ্বারা বাতিল হয়।
এর মিনিট সাতেক পর লিভারপুলের দ্বিতীয় গোল। ফের গোলদাতা দিয়াজ। তিনি সালাহ-র থেকে বল পেয়ে লো ফিনিশে বাজিমাত করেন। বিরতিতে এই দুই গোলেই এগিয়ে ছিল লিভারপুল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১১ মিনিটে লিভারপুর আরও ব্যবধান বাড়ায়।
এ ক্ষেত্রে গোলটি আসে সালাহ-র পা থেকে। এই গোলটির ক্ষেত্রে রেড ডেভিলসের মাঝমাঠের ফুটবলাররা অনেকাংশে দায়ী। চলতি প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির পর লিভারপুলই একমাত্র দল যারা তিনটি ম্যাচেই জয় ছিনিয়ে মাঠ ছাড়ল। স্লট নতুন কোচ হওয়ার পর থেকে প্রিমিয়ার লিগে তৃতীয় জয় তুলে নিল লিভারপুল।
১৯৩৬ সালে জর্জ কে-র পর লিভারপুলের দ্বিতীয় ম্যানেজার হিসেবে অ্যাওয়ে ম্য়াচে ম্যান ইউকে হারানোর নজির গড়লেন। ২০০৭ সালে স্ভেন-গোরান এরিকসন ও ২০০৪ সালে হোসে মোরিনহো ছাড়া এর আগে আর কোনও কোচ প্রিমিয়ার লিগের প্রথম তিনটি ম্য়াচে একটিও গোল হজম করেননি। স্লট নাম লেখালেন সেই তালিকায়।
প্রিমিয়ার লিগে সালাহ এই নিয়ে পাঁচবার ম্যান ইউ-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে গোল করলেন। ওল্ড ট্রাফোর্ডে ৯ ম্যাচে তিনি লিভারপুলের হয়ে নেমে ১০টি গোল করলেন। কোনও মাঠে সর্বাধিক গোল করার ক্ষেত্রে সালাহ এখন অ্যালান শিয়েরারের ঠিক পরেই।













Click it and Unblock the Notifications