Paris Olympics 2024: ইউরো কাপ জেতার পর অলিম্পিক্সে সোনা স্পেনের, দারুণ লড়েও রুপো অঁরির ফ্রান্সের
Paris Olympics 2024: ইউরো কাপের পর এবার প্যারিস অলিম্পিক্সের সোনাও ঘরে তুলল স্পেন। পুরুষদের ফুটবল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে।
দেশের মাটিতে অলিম্পিক্স ফুটবলের সোনা জয় সম্ভব না হলেও দারুণ লড়াই উপহার দিল থিয়েরি অঁরির প্রশিক্ষণাধীন ফ্রান্স। অতিরিক্ত সময়ে জোড়া গোলের সৌজন্যে স্পেনের জয় ৫-৩ গোলে।

১১ মিনিটে এনজো মিয়োর গোলে এগিয়ে যায় ফ্রান্স। যদিও ১০ মিনিটের তিনটি গোল করে বিরতিতে ৩-১ গোলে এগিয়ে ছিল স্পেন। পিছিয়ে পড়ার সাত মিনিটের মধ্যেই, ম্যাচের ১৮ মিনিটে ফেরমিন লোপেজের গোলে সমতা ফেরায় স্প্যানিশ আর্মাডা।
লোপেজের গোলেই ২৫ মিনিটের মাথায় স্পেন এগিয়ে যায় ২-১-এ। ২৮ মিনিটে আলেক্স বায়েনা গোল করেন। হাফ টাইমে যখন সকলেই ধরে নিয়েছেন যে স্পেনই ম্যাচ হেলায় জিতে যাবে, তখনই পালাবদল। নির্ধারিত সময়ের শেষ ১১ মিনিটে গোল করে সমতা ফেরায় ফ্রান্স।
৭৯ মিনিটে মাইকেল ওলিসের ফ্রি কিক থেকে গোল করেন মাঘনেশ আকলিউশ। এরপর ৮৯ মিনিটে কর্নার পায় ফ্রান্স। সেই কর্নার কিক থেকে যখম বল ভেসে আসছিল তখন হুয়ান মিরান্দা ফেলে দেন আরনাউড কালিমুয়েন্দোকে।
ফ্রান্স পেনাল্টির দাবি জানালে রেফারি প্রথমদিকে দূরে সরিয়ে দেন ফরাসি ফুটবলারদের। এরপর তিনি ভিএআরের সাহায্য নেন এবং রিপ্লে দেখে পেনাল্টি দেন। আলেকজান্দ্রে লাকাজেতের পরিবর্তে অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন জঁ ফিলিপ মাতেতা। তিনি পেনাল্টি থেকে গোল করে ৩-৩ করেন।
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সের্হিও ক্যামেলোর গোলে ফের এগিয়ে যায় স্পেন। ম্যাচের ১১০ মিনিটের মাথায় তিনি গোলটি করেন। এরপর অতিরিক্ত সময়ের শেষ লগ্নে তিনি নিজের দ্বিতীয় তথা স্পেনের পঞ্চম গোলটি করেন।
অলিম্পিক্সে পুরুষদের ফুটবলের ফাইনালের ইতিহাসে এই ম্যাচেই সর্বাধিক গোল হলো। ১৯৯২ সালের পর ফের ফুটবলে সোনা জিতল স্পেনের পুরুষদের ফুটবল দল। এর আগে, মরক্কো ৬-০ গোলে মিশরকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে।












Click it and Unblock the Notifications