Paris Olympics 2024: মাতেটার গোলে বিশ্বকাপ ফাইনালের মধুর প্রতিশোধ, আর্জেন্তিনাকে ছিটকে মিশরের সামনে ফ্রান্স
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ফুটবল থেকে ছিটকে গেল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির দেশের কাছে হারের মধুর প্রতিশোধ এমবাপের দেশের।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনাকে ১-০ গোলে হারাল থিয়েরি অঁরির প্রশিক্ষণাধীন দেশ। নিজেদের দেশে অলিম্পিক্সের আসরে সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মিশর।
আর্জেন্তিনার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ৫ মিনিটের মাথায় মাইকেল ওলিসের ক্রসে মাথা ছুঁইয়ে জয়সূচক গোলটি করেন ক্রিস্টাল প্যালেসে খেলা জিন-ফিলিপ মাতেটা। পরে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে ফ্রান্সের আরেকটি গোল বাতিল হয়।
ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে দুই দেশের ফুটবলাররা হাতাহাতি, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। ফুটবল মাঠে এমন উত্তেজনা নেহাতই অনভিপ্রেত। এদিনের ম্যাচে ফ্রান্সের এঞ্জো মিলোর প্রয়াস দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান আর্জেন্তিনার গোলরক্ষক গেরোনিমো রুলি।
বিরতির আগে সমতা ফেরানোর সুযোগ কাজে লাগাতে পারেননি গুলিয়ানো সিমেওনে। দ্বিতীয়ার্ধে ওলিসের কর্নার থেকে মাতেটার হেডার গোলপোস্টের উপর দিয়ে চলে যায়। ম্যাচ শেষের নির্ধারিত সময়ের মিনিট দশেক আগে ওলিস বল জালে জড়ালেও অফ-সাইডের ফাঁদে পড়েন। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে তা বাতিল করেন।
ইনজুরি টাইম দেওয়া হয় ১০ মিনিটের। এই সময়কালে ফ্রান্সের জয়ের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন লুইক বাদে, তাঁর শট পোস্টে প্রতিহত হয়। শেষ লগ্নে সমতা ফেরানোর সুযোগ এসেছিল ক্লদিও এচেভেরির কাছে। কিন্তু তাঁর শট পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়, সেই সময় আর্জেন্তিনার হেড কোচ হাভিয়ের মাসচেরানোকে হতাশায় মাথায় দুই হাত দিয়ে বসে পড়তে দেখা যায়।
এদিন অপর কোয়ার্টার ফাইনালে মিশর পেনাল্টি শ্যুটআউটে হারিয়েছে প্যারাগুয়েকে। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। ৭১ মিনিটে প্যারাগুয়ের হয়ে গোল করেন দিয়েগো গোমেজ। ৮৮ মিনিটে আদেল ইব্রাহিমের গোলে সমতা ফেরায় মিশর। অতিরিক্ত সময়ে আর কেউ গোল করতে পারেনি।
মিশর পেনাল্টি শ্যুটআউট জিতে নেয় ৫-৪ ব্যবধানে। অগাস্টের ৫ তারিখ প্রথম সেমিফাইনালে স্পেন খেলবে মরক্কোর বিরুদ্ধে। রাত সাড়ে ১২টা থেকে মিশরের সামনে অপরাজেয় ফ্রান্স।













Click it and Unblock the Notifications