ভারতীয় ফুটবল দলের কোচের মেয়াদ বাড়াল এআইএফএফ
বিশ্বকাপ ও এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় ফুটবল দল রয়েছে দোহায়। আগামী মাসেই তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ কাতার, বাংলাদেশ ও আফগানিস্তানের বিরুদ্ধে। তার আগে স্বস্তির খবর ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচের জন্য।

এআইএফএফের টেকনিক্যাল কমিটির ভার্চুয়াল মিটিং ছিল আজ। তারপরই দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থার তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, ভারতীয় দলের কোচ হিসেবে ইগর স্টিমাচের মেয়াদ চলতি বছরের সেপ্টেম্বর অবধি বাড়াতে কমিটির সদস্যরা সম্মত হয়েছেন। তবে বদল আসছে এআইএফএফের টেকনিক্যাল ডিরেক্টর পদে। ইসাক দোরুর মেয়াদ বাড়ানো হয়নি। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন টিডি-র দায়িত্ব সামলাবেন স্যাভিও মেডেইরা।

২০১৯ সালের মে মাসে দুই বছরের জন্য ভারতীয় দলের কোচ করা হয় স্টিমাচকে। সেই মেয়াদ বাড়িয়ে সেপ্টেম্বর অবধি করা হলো আপাতত। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলের কোচের দায়িত্বে থাকা স্টিমাচের ভারতীয় দলের কোচ হিসেবে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৫ মে।

শারীরিক অসুস্থতার কারণে এদিনের বৈঠকে অংশ নিতে পারেননি এআইএফএফ টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান শ্যাম থাপা। তবে উপস্থিত ছিলেন থাপার ডেপুটি হেনরি মেঞ্জেস, সচিব কুশল দাস, সহ সচিব অভিষেক যাদব প্রমুখ। ফের টেকনিক্যাল কমিটি বৈঠকে বসবে সেপ্টেম্বরে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করার জন্য। আগামী বছর অনুষ্ঠেয় ফিফা মহিলা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। ২০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি অবধি ভারতে হওয়ার কথা এএফসি মহিলা এশিয়ান কাপ। সেটির আয়োজনের বিষয়ও এদিনের আলোচনায় উঠে আসে। ভারতীয় ফুটবল দলের কাছে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচগুলি নিয়মরক্ষার হলেও এগুলির উপরই নির্ভর করবে ২০২৩ সালে চিনে অনুষ্ঠেয় এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের বিষয়টি। ৩ জুন কাতার, ৭ জুন বাংলাদেশ ও ১৫ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতীয় দলের।












Click it and Unblock the Notifications