ISL 2023-24: কঠিন কেরল ম্যাচ জিতে ছুটির মেজাজ মোহনবাগান এসজি শিবিরে, চার গোল করেও তৃপ্ত নন হাবাস
বুধবার আইএসএলের ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে মোহনবাগান এসজি।এই ম্যাচ জিতলেও লিগে শীর্ষস্থান ধরে রাখতে পারেনি হাবাসের দল। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সবুজ মেরুন। এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্টেই আছে মুম্বই। কিন্তু মুম্বই গোল পার্থক্যে এগিয়ে থাকায় ১ নম্বরে থাকল।
টানা কয়েক সপ্তাহ ধরে পর পর ম্যাচ খেলতে হচ্ছে সবুজ মেরুন। কেরল ম্যাচের পর ছুটি পেলেন ফুটবলাররা। জাতীয় দলের ম্যাচ থাকায় বৃহস্পতিবারের পর তিন সপ্তাহের জন্য আইএসএল বন্ধ থাকবে। ইতিমধ্যেই ছুটি পড়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। দুই সপ্তাহের ছুটি দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। তবে হাবাস অবশ্য ছুটি দিলেন সাত দিনের।

বাকি দেশীয় ফুটবলাররা বাড়ি ফিরে যেতে পারেন। তবে বিদেশিদের বাড়ি ফেরার সম্ভাবনা কম। কারণ হাবাস বাড়ি ফেরার অনুমতি দিচ্ছেন না। সেক্ষেত্রে কামিংস-সাদিকু-দিমিত্রিরা ছুটি কাটাতে ঘুরতে যেতে পারেন। মাঝের সময়ে যাতে ফুটবলারদের ফোকাস কোনওভাবেই নষ্ট না হয় তারজন্য সতর্ক সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক। মোহনবাগান এসজি শিবিরের পাখির চোখ এখন একটাই লিগ শিল্ড জয়।
হাবাসের কোচিংয়ে অপরাজিত সবুজ মেরুন। বুধবারের জয় নিয়ে এ বারের আইএসএলে টানা আটটি ম্যাচে অপরাজিত মোহনবাগান। ছ'টি জিতেছে। পাশাপাশি টানা চারটি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত রইল তারা। যার মধ্যে তিনটি জিতেছে। এ মরসুমে অ্যাওয়ে ম্যাচে সপ্তম জয় পেল কামিংস-দিমিত্রিরা।
বুধবার সাদিকু এবং কামিংস দু'জনেই গোল করেছেন।নিয়মিত গোল পাচ্ছেন দিমিত্রিও। তিন বিদেশি স্ট্রাইকারই গোলের মধ্যে থাকায় হাবাস খুশি। কেরল ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কোচ হাবাস জানান, 'আমরা অনেক সুযোগ তৈরি করেছি, গোলও পেয়েছি। তিন ফরোয়ার্ডই গোলের মধ্যে থাকাটা দলের পক্ষে ভাল। কখন কার চোট-আঘাত বা কার্ড-সমস্যা হয় ঠিক নেই। দিমিত্রি, জেসন, সাদিকু তিন জনেই ভাল খেলায় আমি খুশি।'
একইসঙ্গে হাবাস বলেন, 'আমরা ৪-০ গোলে জিততে চেয়েছিলাম, কিন্তু ফলাফল ৪০৩ হয়েছে। দিনের শেষে তিন পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।' নিজের দ্বিতীয় গোল সমর্থকদের উৎসর্গ করেছেন সাদিকু।












Click it and Unblock the Notifications