Mohun Bagan Super Giant: বিদায় বেলায় আবেগপ্রবণ প্রীতম, মিশন সাহালে সফল মোহনবাগান
সুব্রত ভট্টাচার্য, সত্যজিৎ চট্টোপাধ্যায়, শিল্টন পালের মতো মোহনবাগানের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন প্রীতম কোটালও। সবুজ মেরুন জার্সি তাঁকে ভারতীয় ফুটবলে তারকা বানিয়েছে। এই জার্সি পড়েই জিতেছেন আই লিগ থেকে আইএসএল। কিন্তু পেশাদারিত্বের যুগে আবেগের কোনও জায়গা নেই। জল্পনা ছিলই, শুক্রবার তাতে পড়ল সরকারি সিলমোহড়। দল ছাড়লেন বাগানের আইএসএল জয়ী অধিনায়ক।
বাগান ছেড়ে ভিন শহরে পাড়ি দিচ্ছেন ক্যাপ্টেন কোটাল। আগামী আইএসএলে প্রীতমের গায়ে আর থাকবে না গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাবের জার্সি। মোহনবাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে সোয়াব ডিল সম্পন্ন হয়েছে। যা সম্ভবত ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ট্রান্সফার চুক্তি হতে পারে।

জাতীয় দলের দুই সতীর্থ প্রীতম কোটাল এবং সাহাল আবদুল সামাদ দলবদল করলেন। একজন কেরল থেকে এলেন মোহনবাগানে। অন্যজন কেরল গেলেন। দুই দলের মধ্যে একটি বিনিময় চুক্তি সম্পন্ন হয়েছে। গত মরসুমে আইএসএলের শিরোপা জেতা মোহনবাগানের অধিনায়ক কোটাল কেরালার সঙ্গে বছরে প্রায় ২ কোটি টাকায় তিন বছরের চুক্তিতে সম্মত হয়েছেন।
প্রিয় মোহনবাগান ছেড়ে স্বভাতই আবেগপ্রবণ প্রীতম কোটাল। সমাজমাধ্যমে উত্তরপাড়ার বঙ্গ সন্তান লিখেছেন, 'কিছুই থেমে থাকে না। পায়ে পায়ে পাড়ি দেয় অন্য কোথাও। তবুও ফেলে আসা সময়টুকু সঙ্গে থেকে যায়। সেই সবুজ মেরুনের আবেগ, গ্যালারিতে সমর্থকদের চিৎকার, তাদের হাসি, তাদের চোখের জল, সতীর্থদের ভালোবাসা এগুলো না হয় জমা থাকুক আমার মনে।'
দীর্ঘদিন খেলেছেন এই ক্লাব। ফলে অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রীতমের মনে। বঙ্গ ফুটবলারের কথায়, 'অধিনায়ক হিসেবে নিজেকে নতুন করে পাওয়া। সবকিছুই আমার সঞ্চয়কে আরও পরিপূর্ণ করেছে। তবে আপাতত টান টান উত্তেজনা নিয়েই মোহন বাগান -এর হয়ে খেলা শেষের বাঁশি বেজে গেছে। বলতে দ্বিধা নেই নিজেকে উজাড় করে দিয়ে যে ভালোবাসা পেয়েছি তা বলে শেষ করা যাবে না।'

তবে ভবিষ্যতে যে আবার ফিরতে পারেন প্রিয় সবুজ মেরুনে। সেই বার্তাও দিয়ে গেলেন প্রীতম।সূত্রের খবর, প্রীতমই হবেন কেরালার ক্যাপ্টেন। প্রীতমের বিদায়লগ্নে আবেগি হয়ে পড়েছেন মোহনবাগানের ভক্তরাও। তাঁরা মানতে পারছেন না যে, তাদের ক্যাপ্টেন আর নেই ক্লাবে! আসলে পেশাদারিত্ব বড় বালাই।
একদিকে বিদায়ের সুর অন্যদিকে আগমনীর ধ্বনি। আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপার পর মিশন সাহালেও সফল মোহনবাগান।












Click it and Unblock the Notifications