Mizoram Election Results 2023: রাজনীতির ময়দানে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করলেন, জেজে এখন বিধায়ক
ভারতীয় ফুটবলে একটা সময় পরিচিত মুখ ছিলেন জেজে লালপেখলুয়া। জাতীয় দলে স্ট্রাইকিং লাইনে সুনীল ছেত্রীর পাশাপাশি তিনিও ছিলেন বিশ্বস্ত সৈনিক। কলকাতাতেও লাল হলুদ, সবুজ মেরুন জার্সি গায়ে দাপটের সঙ্গেই খেলেছেন জেজে। ফুটবলের মতোই রাজনীতির ময়দানে নেমেও দাপট দেখালেন মিজোরামের এই ফুটবলার।
ফুটবল থেকে অবসর নিয়ে রাজনীতির ময়দানে নামেন জেজে। জোরাম পিপলস মুভমেন্টে দলে নামও লেখান। রাজ্যের তারকা এই ফুটবলারকে ভোটে প্রার্থীও করে তাঁর দল। ফুটবল মাঠে যেভাবে বিপক্ষ ডিফেন্ডারদের ডজ করে তেকাঠিতে বল রাখতেন, তেমনই রাজনীতির ময়দানেও হারালেন হেভিওয়েট প্রতিপক্ষকে। রবিবার পর্যন্ত তাঁর নামের পাশে লেখা থাকল প্রাক্তন ভারতীয় ফুটবলার। সোমবার থেকে জেজে হলেন বিধায়ক।

মিজোরামের দক্ষিণ তুইপুই আসনে জেডপিএম-এর প্রার্থী জেজে লালপেখলুয়ার কাছে পরাজিত হয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আর লালথাংলিয়ানা । জোরাম পিপলস মুভমেন্টের জেজে লালপেখলুয়া পেয়েছেন ৫৪৬৮ টি ভোট আর এমএনএফ প্রার্থী আর লালথাংলিয়ানা পেয়েছেন ৫৩৩৩ টি ভোট।
২০০৮ সাল থেকে ফুটবল কেরিয়া শুরু করেন জেজে। প্রথমে খেলেন পুণেতে , এরপর পৈলান অ্যারোজ, ডেম্পো হয়ে ২০১৪-১৫ মরসুমে যোগ দেন মোহনবাগানে। সবুজ মেরুনের থাকাকালীনই লোনে আইএসএলে খেলেন চেন্নাইয়িনে। মোহনবাগানে ২০১৭ সাল পর্যন্ত খেলেন জেজে। সনি নর্দির সহ তারকা খচিত মোহনবাগান দলের অন্যতম সদস্য ছিলেন জেজে।
শুধু সবুজ মেরুন নয় ২০২০-২১ মরসুমে লাল হলুদ জার্সিতে খেলেন মিজোরামের এই স্ট্রাইকার। আইএসএলে চেন্নাইয়িন দলের সদস্যও ছিলেন। পাশাপাশি অনূর্ধ্ব ১৯ এবং এবং অনূর্ধ্ব ২৩ দলে খেলার পর ২০১১ সালে ভারতীয় দলে অভিষেক হয় তাঁর। ২০১৯ সাল পর্যন্ত ভারতীয় দলে খেলেছেন। জাতীয় দলের জার্সিতে ৫৬ ম্যাচে ২৩ গোল আছে জেজের নামের পাশে।
ফুটবল কেরিয়ারে শেষ দিকটা একেবারেই ভালো যায়নি জেজের। চোট আঘাতের সমস্যায় পড়েন। নিঃশব্দেই শেষ হয় জেজের অধ্যায়। কিন্তু ফুটবল মাঠ থেকে রাজনীতির ময়দানে ফিনিক্স পাখির মতোই জেগে উঠেলন জেজে। তাঁর ফেসবুক পেজে প্রায়ই দেখা যেত রক্তদানের ছবি। চলতি বছরে জোরাম পিপলস মুভমেন্টের সদস্য হন।
মিজোরামে ফুটবল অত্যন্ত জনপ্রিয়, ফুটবলাররা মানুষের কাছে অত্যন্ত প্রিয়। তাদের ভাবমূর্তিও যথেষ্ট ভালো। সেটাই কাজে লাগিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে জেজেকে প্রার্থী করে জোরাম পিপলস মুভমেন্ট। ইতিপূর্বে ভাইচুং ভুটিয়া একাধিকবার ভোটে লড়লেও জিততে পারেননি। জেজে কিন্তু প্রথম ম্যাচেই গোল করলেন।












Click it and Unblock the Notifications