মোহনবাগানে মুখ্যমন্ত্রী! আইএসএল চ্যাম্পিয়নদের সংবর্ধিত করলেন মমতা, ফুল-মিষ্টি পাঠাল ইস্টবেঙ্গল
রাজ্য সরকারের তরফে সংবর্ধিত করা হলো আইএসএল খেতাবজয়ী এটিকে মোহনবাগানকে। এদিন নবান্নে যাওয়ার আগে মোহনবাগান ক্লাবে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে ট্রফিটি তুলে দেন বাগান সচিব দেবাশিস দত্ত এবং এটিকে মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল-সহ ফুটবলাররা। অনুষ্ঠানে উপস্থিত আইএসএল-জয়ী ফুটবলার ও সাপোর্ট স্টাফদের হাতে ফুল ও মিষ্টি তুলে দেন মুখ্যমন্ত্রী।

মোহনবাগানে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে ক্যাপ্টেন, কোচ, বেস্ট প্লেয়ার সকলেই আছেন। আপনারা এক্সেলেন্ট, গ্রেট, সুপার্ব। আপনাদের নাম ইতিহাসে জায়গা করে নিয়েছে। বিদেশি কোচ ও ফুটবলারদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের ভালোবাসা আপনাদের পরিবার, পরিজন ও বন্ধুদেরও জানাবেন। বাংলার অনেক ছেলে এগিয়ে চলেছেন। তাঁরা দেশের হয়ে খেলছেন একরাশ স্বপ্ন নিয়ে। আমরা বুকভরা স্বপ্ন দেখতে ভালোবাসি। আরও ভালো করুন। বাংলার মুখ উজ্জ্বল করেছেন। আপনারা বাংলার ধ্রুবতারা। বিশ্বকাপ নিয়ে আসতে চাই।

ইস্টবেঙ্গল প্রসঙ্গ
ইস্টবেঙ্গলের প্রসঙ্গে টেনে মমতা বলেন, ওরা এবার ভালো করে দল তৈরি করতে পারেনি। আমি কারও দোষ দেখছি না। মোহনবাগান, ইস্টবেঙ্গল-সহ আমার কাছে সবাই সমান। ওরা শুরু করেছে অনেকটা দেরিতে। প্লেয়ার পেতে সমস্যা থাকায় টিম ভালো করে করতে পারেনি। আর্থিক অসুবিধা ছিল। আর মোহনবাগান আগেই খেলা খেলে দিয়েছে। সিইএসসি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার টাকার অভাব নেই। নানাভাবে সাহায্য করে, বাড়তি সাহায্য করে মোহনবাগান ক্লাবকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এটিকে মোহনবাগানকে নয়।

এটিকে সরানোর রহস্য ফাঁস
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মোহনবাগান মোহনবাগান। এটিতে শুনতে ভালো লাগে না। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে বলেছিলাম, সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলতে। মোহনবাগান সুপার চ্যাম্পিয়ন, এখন মোহনবাগান সুপার জায়ান্টস। সেই সময় দিদি-দিদি ধ্বনিতে মুখরিত হয় গোটা ক্লাব তাঁবু। মুখ্যমন্ত্রী বলেন, আমি অরূপকে গোয়ায় ফাইনাল দেখতে যেতে বলি। ও বলে বুকে চাপ হচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি নিতে পারব না। আমি বললাম, ফাইনালে ওঠা মানেই জিতে যাওয়া।

স্বপ্নে দেখা কাপ জয়
আইএসএল ফাইনালের আগে ভোরবেলা বাগানের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও তিনি দেখেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, খেলা শুরুর আগেই দেখেছিলাম মোহনবাগান জিতে গিয়েছে। অরূপকে এসএমএস করে সে কথা জানাই। বলি চিন্তা করিস না। বাংলা আজ ভারতসেরা হয়েছে। আমরা গর্বিত। হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো! মোহনবাগান পথ দেখিয়েছে। এই ক্লাব শুধু এখানেই সীমাবদ্ধ নয়। সারা দেশে সুনাম অর্জন করেছে।

৫০ লক্ষ টাকা বাগানকে
বাংলাকে বিশ্বসেরা করতে চান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ব্রাজিল, পোল্যান্ড, ইতালির বিরুদ্ধে খেলতে হবে। বিশ্বজয় করতে হবে। বাংলা পারে করতে, করে দেখাতে পারে। বিশ্বজয় করতে হবে। সারা পৃথিবী আপনার দরজায় আসবে। এদিন মোহনবাগান সমর্থকদের মিষ্টিমুখ করানোর জন্য এবং ক্লাবের উন্নতির জন্য রাজ্য সরকারের তরফে মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই ক্লাব তাঁবু সুন্দরভাবে গড়ে তোলা, স্টেডিয়ামে লাইট লাগানোর জন্য টাকা দিয়েছি আগে সরকারের তরফে। তিন প্রধানেই নৈশালোকের বন্দোবস্ত করেছি।












Click it and Unblock the Notifications