ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে এগিয়ে লিওনেল মেসি, টক্কর দিতে হচ্ছে কাদের সঙ্গে?
ফিফার বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাল প্যারিসে। কিলিয়ান এমবাপে, করিম বেঞ্জেমার চেয়ে দৌড়ে এগিয়ে লিওনেল মেসি।
ফিফা ২০২২ সালের বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করবে আগামীকাল। প্যারিসে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরুষ ফুটবল দলের হেড কোচ, অধিনায়ক, সাংবাদিক ও ফুটবলপ্রেমীদের ভোটের নিরিখে বেছে নেওয়া হয় সেরাকে। ফুটবল মহলের ধারণা, এবারের পুরস্কারটি যাবে মেসির দখলেই। যদিও তাঁকে বেশ শক্ত চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে।

ফিফার বর্ষসেরার দৌড়
লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্তিনা গত বছর কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। লিওনেল মেসিও ছিলেন দারুণ ছন্দে। রুদ্ধশ্বাস ফাইনালের ফয়সালা হয়েছিল টাইব্রেকারে। ফ্রান্সের হয়ে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন কিলিয়ান এমবাপে। ১৯৬৬ সালে জিওফ হার্স্টের পর বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করার নজিরও গড়েন। ফ্রান্স রানার-আপ হলেও মেসিকে টেক্কা দিয়ে সোনার বুট দখল করেছিলেন তিনি। মেসি পেয়েছিলেন সোনার বল। ফিফা বর্ষসেরা হওয়ার দৌড়ে মেসির সঙ্গেই রয়েছেন এমবাপে এবং করিম বেঞ্জেমা।

মেসি ফেভারিট
লিওনেল মেসি সাতবার ব্যালন ডি'অর খেতাব জিতেছেন। ফিফা ২০১৬ সাল থেকে বর্ষসেরার পুরস্কার আলাদা করে দেওয়া শুরু করে ব্যালন ডি'অর আয়োজকদের সঙ্গে বিচ্ছেদের পর থেকে। মেসি ২০১৯ সালেও ফিফার বর্ষসেরার পুরস্কারটি নিজের দখলে নিয়েছিলেন। ২০১৬ ও ২০১৭ সালে মেসিকে টেক্কা দিয়ে এই পুরস্কারটি পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৮ সালে রোনাল্ডোকে পিছনে ফেলেন পুরস্কারের দখল নেন লুকা মদ্রিচ। ২০১৯ সালে মেসি পান ফিফা বর্ষসেরা পুরস্কার। ২০২০ ও ২০২১ সালে যথাক্রমে রোনাল্ডো এবং মেসিকে পিছনে ফেলে এই পুরস্কার পান রবার্ট লেওনডস্কি।

বিশ্বকাপ জেতাই ফ্যাক্টর?
প্রাক্তন ব্যালন ডি'অর পুরস্কারজয়ী রুদ গুলিট মনে করছেন, যেহেতু মেসি বিশ্বকাপ জিতেছেন, ফলে তাঁরই এবার ফিফার বর্ষসেরা হওয়ার সম্ভাবনা বেশি। এই বিষয়টি অগ্রাহ্য করা যাচ্ছে না। এমবাপেকেও আমি যথেষ্ট সম্মান করি। আমার কাছে তিনিও কোনও অংশে পিছিয়ে নেই। ফাইনালে যে দায়িত্ব নিয়ে তিনি খেলেছেন তা অবিশ্বাস্য।

মনোনীত হলেন কারা?
উল্লেখ্য, মেসি ও এমবাপের সঙ্গে দৌড়ে থাকা বেঞ্জেমা চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলতে পারেননি। যদিও গত বছর তিনি ব্যালন ডি'অর খেতাব জেতেন গত অক্টোবরে। বর্ষসেরা কোচের দৌড়ে রয়েছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি, রিয়াল মাদ্রিদের কার্লো আনসেলোত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওলা। মহিলাদের ফুটবলে ব্যালন ডি'অর জেতা অ্যালেক্সিয়া পুতেলাস এবারও মনোনীত হয়েছেন বর্ষসেরা মহিলা ফুটবল হওয়ার ক্যাটেগরিতে। সেরা গোলের বিভাগে মনোনীত হয়েছেন ব্রাজিলের রিচার্লিসন।












Click it and Unblock the Notifications