মারাকানার স্মৃতি এখনও দগদগে, বিশ্বকাপে নামার আগে জানিয়ে দিলেন মেসি
বিশ্বকাপে নামার আগে লিওনেল মেসি জানিয়ে দিলেন মারাকানর স্মৃতি এখনও ভোলেননি তিনি। তিনি আরও জানান এই বিশ্বকাপই তাঁর এবং তাঁর প্রজন্মের ফুটবলারদের কাছে শেষ সুযোগ বিশ্বকাপ জেতার।
বিশ্বকাপ শুরু আগেই আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি জানিয়েছিলেন এই বিশ্বকাপই তাঁর কাছে শেষ সুযোগ খেতাব ঘরে তোলার জন্য। কয়েক দিন আগে মেসি এ-ও জানিয়েছিলেন যে বার্সেলোনার হয়ে জেতা সব খেতাবই তিনি ছাড়তে রাজি আছেন আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ জেতার জন্য। এবার তাঁর নতুন সংযোজন, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে এখানে রানার্স হওয়ার কোনও জায়গাই নেই।

এক সাক্ষাৎকারে মেসি বলেন, 'বিশ্বকাপ এবং কোপা আমেরিকার ফাইনালে পৌছলেও আমাদের খেতাব অধরাই রয়ে গিয়েছে। ফলে ওই তিনটে ফাইনালে পৌছনোর কোনও মূল্যই নেই আমাদের কাছে। আর্জেন্টিনার কাছে রানার্স হওয়ার কোনও মূল্য নেই। খেতাব জয়ের জন্য আমরা খেলি।'
গত বিশ্বকাপে হারের স্মৃতি যে এখনও তাঁকে তাড়া করে বেড়ায় তাও জানিয়ে দেন মেসি। তিনি বলেন, 'এখনও সেই হারের কথা ভেবে আমরা কষ্ট পাই। আমাদের স্বপ্নকে ছোঁয়ার কাছাকাছি পৌছেও তা আমরা ধরতে পারিনি। এটাই ফুটবল। সব সময়ে সেরা দল জিতেতে পারে না। আমাদের মেনে নিতে হয়েছিল। প্রতিটা আর্জেন্টাইনের মতো আমরাও কেঁদে ছিলাম।'
তাঁর এবং তাঁর দলের উপর যে অনেক প্রত্যাশা রয়েছে এই বিশ্বকাপে দেশবাসীর তাও মেনে নেন মেসি। তিনি বলেন, 'আমাদের উপর সমর্থকেরা আশা করবেন এটাই স্বাভাবিক। এখানে কোনও ভুল নেই কারণ ১৯৮৬ সালের পর আর আমরা বিশ্বকাপ জিতিনি। প্রতিটি আর্জেন্টাইনের মতো আমিও চাই নিজের দলের হয়ে বিশ্বকাপ জিততে। ২০১৪ সালে সকলেই নিজের সেরাটা দিয়েছিলাম কিন্তু, তবুও পারিনি।'
আসন্ন ফুটবল বিশ্বকাপে তাঁর দল যে নিজেদের ছাপিয়ে গিয়ে খেতাব জেতার জন্য মরিয়া হয়ে খেলবেন সেই বিষয় নিশ্চিত করেন মেসি। এই কথা জানিয়ে দমেসি বলেন, 'এখনও একটাই স্বপ্ন আমি দেখি এবং সেটা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা। ২০১৪ সালে আমরা স্বপ্নকে বাস্তব করার খুব সামনে পৌছে গিয়েও পারিনি। একই পারফরম্যান্স-ই আমরা করতে চাই রাশিয়া বিশ্বকাপে, শুধু ফাইনালের রেজাল্টটা বদলাতে চাই। এটাই হয়তো কাপ জেতার শেষ সুযোগ আমাদের প্রজন্মের ফুটবলারদের কাছে।'
ব্রাজিলে বিশ্বকাপ জিততে না পারার জন্যও কম সমালোচণা সহ্য করতে হয়নি মেসিদের। গোটা আর্ডজেন্টাইন মিডিয়া এক ধার থেকে সমালোচণা করেছে ডি মারিয়া, মেসি, হিগুয়েনদের। দেশের সাংবাদিকরা সমালোচণা করলেও তাঁদের উপর অসন্তুষ্ট নন মেসি। তিনি বলেন, 'একেই বিশ্বকাপ হারানোর যন্ত্রণা এবং পাশাপাশি সমালোচিত হওয়া অবশ্যই বেদন দিয়েছিল, তবে আমি বুঝি ওদের বিষয়টা। ওরাই না পাওয়ার বেদনা থেকেই আমাদের সমালোচণা করেছে।'
এই বিশ্বকাপে মেসির দল যেই গ্রুপে আছে সেই গ্রুপকে বলা হচ্ছে 'গ্রুপ অব ডেথ'। ক্রোয়েশিয়া, নাইজেরিয়া, আইসল্যান্ডের মতো দল আছে আর্জেন্টিনার গ্রুপে। গ্রুপ অব ডেথে থাকা স্বত্ত্বেও মেসি আশাবাদী তাঁর দল ভাল পারফর্ম করবে। তিনি বলেন, 'বিশ্বকাপের মঞ্চে কোনও দলই দুর্বল নয়। এটা বিশ্বকাপ। কোনও দলকেই হালকা ভাবে নেওয়ার যায়গা নেই। প্রতি ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলবে প্রতিপক্ষ। তবে, আমরা তৈরি।'
এখন দেখার মেসি এবং তাঁর দল শেষ পর্যন্ত আর্জেন্টিনার দীর্ঘ দিনের অধরা বিশ্বকাপ ক্ষরা ২০১৮ বিশ্বকাপে কাটাতে পারে কি না!












Click it and Unblock the Notifications