Lionel Messi: মেসিকে ছাড়াই মসৃণ জয় আর্জেন্টিনার, কেন মাঠে নামলেন না এলএমটেন?
২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে মেসিকে ছাড়াই পথ চলার কাজটা শুরু করে দিল আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বুধবার ভোরে বিশ্ব চ্যাম্পিয়নরা খেলতে নেমেছিল বলিভিয়ার বিরুদ্ধে। ৩-০ গোলে বলিভিয়াকে হারাল মেসিহীন আর্জেন্টিনা। দলের হয়ে গোল করছেন এনজো ফার্নান্দেজ, নিকোলাস তালিয়াফিকো এবং নিকোলাস গনসালেস।
এই নিয়ে বিশ্বকাপের পর খেলা ৬ ম্যাচের প্রতিটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচগুলোতে আর্জেন্টিনা ১৭ গোল করলেও হজম করেনি কোনো গোল।সেই সঙ্গে ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পর পর দু'টি ম্যাচ জিতে দক্ষিণ আমেরিকা গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা। তবে কঠিন ম্যাচে দলের সঙ্গেই থাকলেন না লিও মেসি।

ম্যাচের শুরু থেকেই যথারীতি বলের দখল রেখে খেলায় মনোযোগ দেয় আর্জেন্টিনা। তবে প্রথম দিকে একটু সতর্কই মনে হচ্ছিল দলটিকে। হয়তো উচ্চতা নিয়ে আগে থেকে যে উদ্বেগ ছিল সেটা এবং মেসির না থাকা এতে ভূমিকা রেখেছে। সময় যত এগিয়েছে ততই আধিপত্য বাড়িয়েছে নীল সাদার দেশ।
যদিও বুধবার ভোরের ম্যাচে আর্জেন্টিনা যে জিতেছে সেটি দলের অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই। খেলা শুরুর আগে মাঠে আসা দর্শকরাও জানতেন তাঁরা মেসি ম্যাজিক দেখার অপেক্ষায়। কিন্তু দলের আসল অধিনায়ক খেলতে পারবেন না, সেটি জানা যায় টিম লিস্ট দেখার পরে। সেখানে শুধু প্রথম একাদশ নয় একেবারে স্কোয়াডের বাইরেই রাখা হয় মেসিকে।
বলিভিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার দল ঘোষণার পরে দেখা যায় মেসি শুধু প্রথম একাদশে নন, রিজার্ভ বেঞ্চেও নেই। অথচ খেলা শুরু হওয়ার আগে সতীর্থদের সঙ্গে বেঞ্চে গিয়ে বসেন তিনি। লিও না খেলায় আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন দি মারিয়া।

খেলা শেষে মিডিয়ার প্রশ্নের উত্তরে বিশ্ব জয়ী কোচ লিওয়েল স্ক্যালোনি বলে দেন, লিওর এই মাঠে খেলতে অসুবিধে হতো। লিও নিজেই মাঠে নামতে চায়নি। আমরাও ওঁকে জোর করিনি। কারণ মেসি আমাদের দলের সম্পদ। ওঁর ইচ্ছেকে আমরা মর্যাদা দিতে চেয়েছি।
লাপাজে প্রতিপক্ষ দল নয়, বরং মাঠটিই ছিল আর্জেন্টিনার বড় বাঁধা। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ২২৫ মিটার ওপরে হওয়ায় বেশিরভাগ সময়ই অক্সিজেনের অভাবে নাভিশ্বাস উঠে খেলোয়াড়দের। এবারও অক্সিজেন মাস্ক সঙ্গে নিয়েই বলিভিয়া গেছে আর্জেন্টিনা দল।যদিও সব প্রতিকূলতাকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল আর্জেন্টিনা।












Click it and Unblock the Notifications