Mamata-Sourav On La Liga: লা লিগার আকাদেমি কলকাতায়, বড় ঘোষণা মমতার, সৌরভ দিলেন মূল্যবান পরামর্শ
Mamata-Sourav On La Liga: মাদ্রিদ থেকে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাশে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন রাজ্য সরকারের সঙ্গে লা লিগার মউ স্বাক্ষরের কথা।
কলকাতায় হচ্ছে লা লিগার আকাদেমি। জমি কোনও সমস্যা হবে না বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বাংলায় ফুটবলের পরিকাঠামো উন্নতিতে লা লিগার সহায়তা অন্য দিশা দেখাবে বলে আশাবাদী সৌরভও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনের সঙ্গে বাংলার নানা বিষয়ে মিলের কথা তুলে ধরেন। তার মধ্যে অবশ্যই রয়েছে শিল্পকর্ম, ফুটবল। বাংলায় ফুটবলের জনপ্রিয়তার কথা থেকে শুরু করে ফিফা যুব বিশ্বকাপ সফলভাবে আয়োজনের উদাহরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি চান, বাংলা থেকেও উঠে আসুক লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের মতো ফুটবলার।
বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে বিনিয়োগকারীদের আকৃষ্ট করে শিল্প আনতেই মুখ্যমন্ত্রী স্পেন সফরে গিয়েছেন। তারই ফাঁকে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেবাসকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেন, লা লিগাকে কলকাতায় একটি আকাদেমি স্থাপন করার জন্য। মুখ্যমন্ত্রী বলেন, ফুটবল সম্রাট পেলেও কলকাতায় খেলেছেন, তিনি দু-বার বাংলায় পদার্পণ করেছেন।

মুখ্যমন্ত্রী নিশ্চিত, বাংলায় ফুটবলের যা চল রয়েছে তাতে লা লিগার প্রযুক্তি ও পরিকাঠামোগত সহায়তা পেলে ভালো মানের ফুটবলার উঠে আসার পথ সুগম হবে। বাংলায় আকাদেমি তৈরিতে রাজ্য সরকার জমি দিতে প্রস্তুত বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর আহ্বানে সদর্থক সাড়া দিয়েছেন লা লিগার প্রেসিডেন্ট। দ্রুতই এই আকাদেমি তৈরির কাজ শুরু হয়ে যাবে।
ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও বাংলায় ফুটবলের উন্মাদনার কথা তুলে ধরেন লা লিগার প্রেসিডেন্টের সামনে। সৌরভ বলেন, আমি ক্রিকেট খেললেও আমার ফেভারিট খেলা ফুটবল। ছোটবেলা থেকে ফুটবল খেলে, ফুটবল খেলা দেখে বড় হয়েছি। রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদের স্টেডিয়াম দেখার আগ্রহেই তাঁর স্পেন সফর বলে জানান সৌরভ।
তিনি বলেন, আতলেতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি করে এটিকে দল গঠন হয়েছিল। স্পেনে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট দেখেছি। এবার মাদ্রিদে নেমে রিয়াল মাদ্রিদের কথা তুলতেই গাড়ির ড্রাইভার নানা তথ্য দিলেন। লিওনেল মেসি এখানে ছোটবেলায় এসেছিলেন। সেখান থেকেই আজকের জায়গায় পৌঁছেছেন। পিকে, রামোসরাও বিপুল জনপ্রিয়।
লা লিগার সঙ্গে রাজ্য সরকারের আকাদেমি গড়ার প্রয়াসকে সাধুবাদ জানান মহারাজ। তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন, আকাদেমির শিক্ষার্থীদের যাতে শুরু থেকেই কলকাতার প্রথম ডিভিশনে খেলতে পারেন তার বন্দোবস্ত করার উদ্যোগ নিতে। এটা খুব কঠিন প্র্রক্রিয়া নয়। এই বন্দোবস্ত করা গেলে ভালো মানের ফুটবলারদের বিরুদ্ধে খেলে আকাদেমির শিক্ষার্থীরা উপকৃত হবেন বলে দাবি সৌরভের।












Click it and Unblock the Notifications