Durand Cup: ডুরান্ডের ম্যাচ কলকাতাতে করতে উদ্যোগী কল্যাণ, ময়দানে প্রতিবাদে সামিল বঙ্গ ক্রীড়া মহল
ডুরান্ড কাপের ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজির কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলে গিয়েছে পড়শি রাজ্যে। কিন্তু দুই প্রধান সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যাতে ঘরের মাঠেই খেলতে পারে সেই উদ্যোগ নিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। রবিবার আন্দোলনকারী সমর্থকদের পাশে দাঁড়ানোর পর এবার ডুরান্ড কাপের নক আউটের বাকি ম্যাচ কলকাতায় করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন ফেডারেশন সভাপতি।
বুধবার মুখ্যমন্ত্রীরে লেখা চিঠিতে কল্যাণ চৌবে আবেদন করেছেন, 'আপনি জানেন গত রবিবার ১৮ অগাস্টের ডার্বি ম্যাচ বাতিল করা হয়েছিল, কারণ নিরাপত্তাজনিত সমস্যা হতে পারত। তবে এই দুই দলের একটা সুদীর্ঘ ইতিহাস আছে। কলকাতায় দুই দলের ম্যাচ করার জন্য বহু কর্মকর্তা ও সমর্থক আমাদের অনুরোধ করেছেন। এই পরিস্থিতিতে যাতেফের একবার কলকাতায় দুই প্রধানের ডুরান্ড কাপের বাকি ম্যাচ ফেরানো যায়, আপনি সেই দায়িত্ব গ্রহণ করুন'।

ডুরান্ড কাপের ডার্বি বাতিলের প্রতিবাদে রবিবার সারা রাজ্য জুড়ে পথে নামেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরা। যুবভারতীর সামনের রাস্তা রণক্ষেত্রের চেহারা নেয়। সমর্থকদের বিক্ষোভ আটকাতে আগেই ১৬৩ ধারা জারি করে বিধাননগর পুলিশ। কিন্তু তাতেও তিন প্রধানের সমর্থকরা দমে যাননি। কিন্তু সমর্থকদের বিক্ষোভ সামাল দিতে ব্যাপক দমননীতি প্রয়োগ করে পুলিশ।সেখানে উপস্থিত ছিলেন কল্যাণ চৌবে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি রাতেই লালবাজারে চলে যান। নিজের আইনজীবী নিয়ে আটক কয়েকজন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের ছাড়াতে উদ্যোগী হন কল্যাণ চৌবে। তাঁদের ছাড়িয়েও আনেন।
এদিকে, আরজি করের প্রতিবাদে পথে নামলেন প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা । ময়দানের গোষ্ঠপাল এর মূর্তির সামনে বুধবার বিকেলে অবস্থান ও প্রতিবাদ করেন। এখানে উপস্থিত ছিলেন বাংলার ক্রীড়াক্ষেত্রের প্রাক্তনীরা। ফুটবল থেকে হকি সব খেলার প্রাক্তনীদের দেখা গেল এই প্রতিবাদ কর্মসূচিতে।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন গৌতম সরকার, ভাস্কর গঙ্গোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য,অনীত ঘোষ, দেবজিৎ ঘোষ, রমা দাস, শান্তি মল্লিক, সোমা বিশ্বাস, গুরবক্স সিং, বুলা চৌধুরী-সহ অতীতের ক্রীড়াবিদরা। প্রত্যেকেই দোষীদের কঠোর শাস্তির দাবি তোলেন এই প্রতিবাদ কর্মসূচি থেকে।












Click it and Unblock the Notifications