Asian Cup: এশিয়ান কাপে ইতিহাস জর্ডনের, দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে প্রথমবার নিশ্চিত ফাইনালের টিকিট
Asian Cup: এএফসি এশিয়ান কাপে ইতিহাস গড়ল জর্ডন (Jordan)। এই প্রথমবার তারা এই প্রতিযোগিতার ফাইনাল খেলবে। শনিবার ফাইনালে তাদের মুখোমুখি হবে ইরান ও কাতার ম্যাচের জয়ী দল।
আজ আহমেদ বিন আলি স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে জর্ডন। প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য।
দাপট দেখিয়ে যোগ্য দল হিসেবেই এশিয়ান কাপের খেতাব দখলের কাছাকাছি পৌঁছে গেল জর্ডন। ৫৩ মিনিটের মাথায় ইয়াজান আবদুল্লাহ আলমাইমাত গোল করে জর্ডনকে এগিয়ে দেয়। এর ১৩ মিনিট পর ফের গোল। ম্যাচের ৬৬ মিনিটে জয়ের ব্যবধান বাড়ান মুসা আল-তামারি।
দক্ষিণ কোরিয়াকে এই টুর্নামেন্টে অন্যতম ফেভারিট বলে মনে করা হচ্ছিল। কিন্তু সেমিফাইনালে তাদের বিরুদ্ধে শুরু থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকেন জর্ডনের ফুটবলাররা। দক্ষিণ কোরিয়ার হোয়াং বিন-বিওম ও লি জায়ে-সুং গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। একটি পেনাল্টির সিদ্ধান্ত ভিএআর দেখে বাতিল হয়।
আল নাইমাত ও আল তামারি আগাগোড়া দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। জর্ডন দলের পক্ষে সমর্থনও ছিল বেশ ভালো। কাল দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন কাতারের মুখোমুখি হবে ইরান। ইরান সেমিফাইনালে উঠেছে আরেক প্রি-টুর্নামেন্ট ফেভারিট জাপানকে পরাস্ত করে।













Click it and Unblock the Notifications