IWL 2023-24: গ্ল্যামারে হার মানাবেন নায়িকাদের! বাংলাদেশের সানজিদা খেলবেন ইস্টবেঙ্গলে, দেখুন গোলের ঝলক
IWL 2023-24: ইস্টবেঙ্গলে আগে বাংলাদেশের অনেক ফুটবলারই খেলে গিয়েছেন। তবে বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার লাল হলুদের মহিলা দলের জার্সি গায়ে নামতে চলেছেন এবারই প্রথম।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান উইমেন্স লিগ, যাকে সংক্ষেপে বলা হচ্ছে IWL। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ রয়েছে ১৮ জানুয়ারি ওডিশা এফসির বিরুদ্ধে। তার আগেই চলে আসার কথা সানজিদা আক্তারের।

মেয়েদের এই ফুটবল লিগে খেলার জন্য বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনের সঙ্গে ডাক পেয়েছেন সানজিদা। সাবিনা ভিসা পেয়ে কিকস্টার্ট এফসির হয়ে খেলতে ইতিমধ্যেই চলে এসেছেন। উইঙ্গার সানজিদাকে প্রস্তাব দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে। সূত্রের খবর, তাঁকে দলে নিতে অনেক আগে থেকেই চেষ্টা চালানো হচ্ছিল।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদককে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, সানজিদাকে ইতিমধ্যেই ভারতে মেয়েদের ফুটবল লিগে খেলার অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশের দুই ফুটবলারকেই এই টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়া হয়েছে। সাবিনা ও সানজিদাই খেলার প্রস্তাব পেয়েছেন।
সাবিনা আজ ভারতে এসেছেন। সানজিদাও ভিসার আবেদন করেছেন, তা মঞ্জুর হলেই কলকাতায় পা রাখবেন। উল্লেখ্য, ৩৩ বছর আগে ইস্টবেঙ্গল ক্লাবে বাংলাদেশ থেকে খেলতে এসেছিলেন শেখ মহম্মদ আসলাম, মোনেম মুন্না, রিজভি করিম রুমি ও গোলাম গাউস। ইস্টবেঙ্গলকে ১৯৯১ সালে কলকাতা লিগ জেতানোর পিছনে অবদান ছিল মুন্নার।
১৯৯৫ সালেও মুন্না লাল হলুদের জার্সি গায়ে খেলেছেন। তিনি তাঁর অসামান্য দক্ষতার জন্য ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়ে ওঠেন। অকালপ্রয়াত মুন্নাকে গত বছরই ইস্টবেঙ্গল ক্লাবের তরফে মরণোত্তর বিশেষ সম্মান প্রদান করা হয় ক্লাবের প্রতিষ্ঠা দিবসে। মুন্নার পরিবার কলকাতায় এসে এই সম্মান গ্রহণ করে আপ্লুত।
তবে সানজিদা নন, বাংলাদেশের মহিলা ফুটবলারদের মধ্যে প্রথম সাবিনারই বিদেশে ফুটবল লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি মলদ্বীপে খেলেছিলেন। এ ছাড়া আইডব্লুএলে খেলা সেথু এফসির হয়ে ২০১৮ সালে খেলে গিয়েছেন বলে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ। মলদ্বীপে সাবিনার পাশাপাশি মাতসুশিমা সুমাইয়াও খেলেছেন। এবার সানজিদাও দেশের বাইরে লিগ খেলার অভিজ্ঞতা সঞ্চয় করবেন।
আইডব্লুএলে অংশ নিয়েছে সাতটি দল। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওডিশা এফসি। ৪ ম্যাচে ১০ পয়েন্ট রয়েছে কিকস্টার্ট এফসির। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে গোকুলম কেরালা এফসি । সেথু এফসির ৪ ম্যাচে রয়েছে ৭ পয়েন্ট। ইস্টবেঙ্গল ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচে। হোপস এফসিরও ৪ ম্যাচে ৩ পয়েন্ট। ৫ ম্যাচ খেলে সব কটিতেই হেরেছে স্পোর্টস ওডিশা।












Click it and Unblock the Notifications