ISL: হতশ্রী পারফরম্যান্স ফুটবলারদের, মহমেডানকে হারিয়ে পয়েন্ট তালিকায় উন্নতি মুম্বই সিটির
মাঠের বাইরে বেতন নিয়ে প্রবল সমস্যা চলছে মহমেডান স্পোর্টিং ক্লাবে। মাঝে দুটি ম্যাচে একটু আশার ঝিলিক দেখা গেলেও মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচেই আবার যেন পুরানো ছন্দেই ফিরে এল মহমেডান। মাঠের বাইরের সমস্যার প্রভাব দেখা গেল মুম্বইয়ের বিরুদ্ধে খেলাতেও। প্রজাতন্ত্র দিবসের রাতে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ম্যাচে ৩-০ ফলে হেরে গেল সাদা কালো ব্রিগেড।
বেতন না পেয়ে ফুটবলাররা বিদ্রোহ শুরু করেছেন। মুম্বই ম্যাচের আগে একাধিক দিন অনুশীলন বয়কট করেন ফুটবলাররা। যদিও কর্তাদের আশ্বাস পেয়ে অনুশীলন শুরু করেন ফুটবলাররা। কিন্তু কলকাতা লিগ এবং আইএসএল যে একই ছকে খেলা যায় না তা হয়ত বুঝতে পারছেন মহমেডান কর্তারা। শেয়ার শতাংশ নিয়ে জটিলতার জন্য ইনভেস্টররা বিনিযোগ বন্ধ করেছেন।

এই পরিস্থিতি মুম্বইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামে মহমেডান স্পোর্টিং। কোচ আন্দ্রে ৪-৩-৩ ছকে দলকে খেলাতে শুরু করেন। অন্যদিকে, মুম্বই সিট এফসিও ৪-৩-৩ ছকে খেলতে শুরু করে। লিগ টেবলে তলার দিকে থাকা মহমেডানের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ছকে খেলতে শুরু করে মুম্বই সিটি। গত বারের চ্যাম্পিয়ন দলের এবার ধারাবাহিকতার অভাবটা ছিল স্পষ্ট। কিন্তু আত্মবিশ্বাস বৃদ্ধি করতে মহমেডান ম্যাচকেই বেছে নিয়েছিল মুম্বই সিটি এফসি।
ম্যাচের শুরু থেকে আক্রমণ করলেও মহমেডান কিন্ত দুর্গ অটুট রাখার প্রয়াস চালিয়ে যায়। ছাংতে-ক্রোমারা লাগাতার আক্রমণ করতে থাকেন। কিন্তু গোল মুখ খুলতে ব্যর্থ হন। পাল্টা বেশ কিছু আক্রমণ করল মহমেডানও। তবে প্রথম ৪৫ মিনিটের খেলা শেষ হল ০-০ ভাবেই। দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপও আরও বৃদ্ধি করে মুম্বই। কিন্ত ডিফেন্সটা অটুট রাখে মহমেডান।
তবে ৭২ মিনিটে ভেঙে গেল মহমেডানের রক্ষণ। গৌরব ভোরা আত্মঘাতী গোল করে মুম্বইকে এগিয়ে দিলেন। এর পর শুধুই দাপট মুম্বই দলের। ৭৮ মিনিটে ছাংতে দ্বিতীয় গোল করলেন। ৮২ মিনিটে দূর পাল্টার শটে দুরন্ত করলেন ক্রোমা। ফলে ৩-০ গোলে জিতেই মাঠ ছারল মুম্বই। এই ম্যাচে যে ভুল গুলি করলেন মহমেডান ফুটবলাররা বা যেভাবে হতশ্রী পারফরম্যান্স করলেন বিদেশিরা তাতে দলের মোটিভেশনের অভাব স্পষ্ট।
এই ম্যাচ জিতে ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৫ নম্বরে উঠে এল মুম্বই। মহমেডান থাকল ১৩ নম্বরেই। আগামী ১ ফেব্রুয়ারি ডার্বি ম্যাচে মোহনবাগান এসজির মুখোমুখি হবে মহমেডান। কিন্তু তার আগেই বিবর্ণ সাদা কালো। অন্যদিকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে নামবে মুম্বই সিটি।












Click it and Unblock the Notifications