ISL 2024-25: জামশেদপুর এবার ঘরের মাঠে হারল নর্থইস্টের কাছে, আইএসএলে গোলের রেকর্ড আলাদিনের
ISL 2024-25: আইএসএলে এবার ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে পরাস্ত জামশেদপুর এফসি। আজ নর্থইস্ট জয় ছিনিয়ে নিল ২-০ গোলে।
চলতি আইএসএলে এই নিয়ে দ্বিতীয়বার জামশেদপুর হেরে গেল নর্থইস্টের কাছে। প্রথম সাক্ষাতে নিজেদের মাঠে জামশেদপুরকে ৫-০ গোলে পরাস্ত করেছিল নর্থইস্ট।

বেঙ্গালুরু এফসির কাছে অ্যাওয়ে ম্যাচে ০-৩ গোলে হেরেছিল জামশেদপুর। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ তারা পেয়েছিল নিজেদের মাঠেই। কিন্তু তা আর হলো না। টানা দুটি ম্যাচে প্রতিপক্ষের জালে বল না জড়িয়ে মোট পাঁচটি গোল হজম করল জামশেদপুর।
নর্থইস্ট ইউনাইটেড ২-২ গোলে ড্র করেছিল ওডিশা এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে। এরপর নিজেদের মাঠে ০-২ গোলে পরাস্ত হয় মুম্বই সিটি এফসির কাছে। আজ জামশেদপুরে অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া নিশ্চিতভাবেই স্বস্তি দিল নর্থইস্টকে।
আজকের ম্যাচের জোড়া গোল করলেন আলাদিন আজারাই। প্রথমে তিনি ৬ মিনিটের মাথায় গোল করেন। যার সুবাদে আইএসএলে রেকর্ডও গড়লেন। আইএসএলে কোনও মরশুমে সর্বাধিক গোল করার নজিরটি এখন আলাদিনের দখলে।
এদিনের ম্যাচে প্রথম গোলটি তাঁর চলতি মরশুমের ১৯তম। ২০১৭-১৮ মরশুমে এফসি গোয়ার ফেরান করোমিনাস ও ২০২১-২২ মরশুমে হায়দরাবাদের বার্থোলোমিউ ওগবেচে ১৮টি করে গোল করেছিলেন। সেই রেকর্ড এদিন ভেঙে দেন আলাদিন।
মরক্কোর ক্লাব থেকে বছর বত্রিশের আলাদিনকে এবারের আইএসএলের আগে সই করিয়েছিল নর্থইস্ট। তিনি সেই দলের গোলমেশিন হয়ে দাঁড়িয়েছেন। আজকের ম্যাচে নর্থইস্টের দ্বিতীয় গোলটিও তিনিই করেন ৮১ মিনিটে। ফলে চলতি আইএসএলে তাঁর গোলের সংখ্যা দাঁড়াল ২০।
আজকের ম্যাচ হেরে গেলেও ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিনেই রয়েছে জামশেদপুর এফসি। ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চারে চলে এলো নর্থইস্ট। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে বেঙ্গালুরু এফসি।












Click it and Unblock the Notifications