ISL 2024-25: মোহনবাগান এসজি নাটকীয় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই, শেষের দিকে ঝড়ে উড়ে গেল কেরালা ব্লাস্টার্স
ISL 2024-25: মোহনবাগান সুপার জায়ান্ট নাটকীয় জয় ছিনিয়ে নিল কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জয় এলো ৩-২ গোলে।
ইনজুরি টাইমের শেষ লগ্নে দূরপাল্লার জোরালো শটে জয়সূচক গোলটি করলেন আলবার্তো রদ্রিগেজ। তার কিছু আগেই পরিবর্ত হিসেবে নামা জেসন কামিংসের গোলে সমতা ফিরিয়েছিল সবুজ মেরুন।

ম্যাচের প্রথম পাঁচ মিনিটের মধ্যেই দুটি সুযোগ নষ্ট করে কেরালা ব্লাস্টার্স এফসি। প্রথমে নোয়া সাদৌইয়ের প্রয়াস রুখে দেন বাগান গোলকিপার বিশাল কাইথ। তার মিনিট তিনেক পর জেসাস জিমেনেজ সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি।
প্রাথমিক চাপ কাটিয়ে ক্রমেই ম্য়াচে ফেরে হোসে মলিনার দল। ৩৩ মিনিটে জেমি ম্যাকলারেনের গোলের সৌজন্যে প্রথমার্ধে এগিয়ে থাকে সবুজ মেরুন। আশিস রাইয়ের শট বাঁচালেও বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি ব্লাস্টার্স গোলকিপার সচিন সুরেশ। সুযোগসন্ধানী জেমি ম্যাকলারেন তা জালে জড়াতে কোনও ভুল করেননি।
৪৪ মিনিটে জিমেনেজ বাগাল গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। বিশাল কাইথ বল দখলের লড়াইয়ে পরাস্ত হলেও জিমেনেজের শট তিন কাঠিতে ছিল না। বিরতির পর ম্যাচের ৫১ মিনিটে জিমেনেজের গোলেই সমতা ফেরায় কেরালা ব্লাস্টার্স এফসি।
গোলকিপার কাইথ শুভাশিস বোসকে বল বাড়িয়েছিলেন। যদিও সেই বল কেড়ে নেন ফ্রেডি, তাঁর থেকে বল পেয়ে জিমেনেজ গোল করে যান। ৬২ মিনিটে মোহনবাগান সুপার জায়ান্টের লিস্টন কোলাসোর শট রুখে দেন সচিন। ৬৪ মিনিটে নোয়াচা লম্বা বল বাড়ান নোয়ার দিকে। তিনি বাগানের রক্ষণভাগের ফুটবলারদের পরাস্ত করে যে শট নেন তা কোনওরকমে রক্ষা করেন বিশাল।
৭৭ মিনিটে কেরালা ব্লাস্টার্স এগিয়ে যায় ২-১ গোলে। কাইথ বল ঠিকভাবে ধরতে না পারায় তা গিয়ে পড়ে মিলোস ড্রিনসিকের কাছে। তিনি বল জালে জড়াতে কোনও ভুল করেননি। ৮০ মিনিটের মাথায় লিস্টন কোলাসোর পরিবর্তে জেসন কামিংসকে নামান বাগানের হেড কোচ।
ফের পরিবর্ত হিসেবে নেমেই গোল করেন কামিংস। ম্যাচের ৮৬ মিনিটে আশিস কুরুনিয়ান বাঁ প্রান্ত থেকে কেরালার বক্সে বল বাড়ান। দিমিত্রি পেত্রাতস হয়ে গোলমুখী বলে পা ছুঁইয়ে ম্যাচে সমতা ফেরান কামিংস। এই গোলের পরও সন্তুষ্ট না হয়ে আক্রমণাত্মক ফুটবল খেলে কেরালার রক্ষণভাগকে চাপে ফেলেন মলিনার ছেলেরা।
ইনজুরি টাইম দেওয়া হয় পাঁচ মিনিটের। মোহনবাগান সুপার জায়ান্টের প্রয়াস প্রতিহত হচ্ছি কেরালার রক্ষণে। হঠাৎই জটলার মধ্যে থেকে পাওয়া বলে জোরালো শট নেন রক্ষণভাগের প্লেয়ার রদ্রিগেজ। অনেকটা দৌড়ে গিয়ে। সেই গোলই ম্যাচের ফয়সালা করে দেয়।
মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএলের পয়েন্ট তালিকার শীর্ষেই, ১১ ম্যাচে তাদের ঝুলিতে ২৬ পয়েন্ট। বেঙ্গালুরু এফসি এদিনই এফসি গোয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করায় তারা রয়েছে দুইয়ে। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে কেরালা ব্লাস্টার্স দশম স্থানে। বাগানের হেড কোচ মলিনা স্বীকার করলেন, প্রথমদিকে কেরালাই ভালো ফুটবল খেলেছে। কিন্তু তাঁর দলের ফুটবলাররা যেভাবে অদম্য মনোভাব দেখিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করলেন তাতে তিনি খুশি। ম্যাচ দেখতে এদিন স্টেডিয়ামে ছিলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।












Click it and Unblock the Notifications