ISL 2024-25: চেন্নাইয়িনকে নাটকীয়ভাবে রুখে দিল মহমেডান, আলো নিভল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে
ISL 2024-25: আইএসএলে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন আজ সাক্ষী থাকল নানা নাটকীয় পরিস্থিতির। নৈশালোকের বাতিস্তম্ভ আচমকাই নিভে গেল।
যদিও তাতে ম্যাচের মেজাজে তেমন প্রভাব পড়ল না। ৯০ মিনিট অবধি দুই গোলে এগিয়ে থেকেও ইনজুরি টাইমের শেষে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হলো চেন্নাইয়িন এফসিকে।

শুরু থেকেই মহমেডানের ব্রাজিলীয় ফরওয়ার্ড কার্লোস ফ্রাঙ্কা চাপে রাখছিলেন চেন্নাইয়িনের রক্ষণভাগকে। মিরজালল কাসিমভ ফ্রি কিক থেকেও গোলের প্রয়াস জারি রাখেন। কিন্তু গোল পাচ্ছিল না আন্দ্রে চের্নিশভের প্রশিক্ষণাধীন দল।
১০ মিনিটে কনর শিল্ডসের নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন লালডিনপুইয়া। ২৭ মিনিটে লালরেমসাঙ্গা ফানাইকে বক্সের মধ্যে ফেলে দেওয়া হলে পেনাল্টি পায় মহমেডান। যদিও পেনাল্টি বাঁচিয়ে দেন চেন্নাইয়িন গোলরক্ষক মহম্মদ নওয়াজ।
৩৮ মিনিটে একটি বাতিস্তম্ভের আলো নিভে গেলে রেফারি ও অফিসিয়ালরা মিলে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিরতির কিছু আগে দুই দলই কিছু সুযোগ পেলেও স্কোরলাইন বদলাতে পারেনি। ১-০ গোলে এগিয়ে ছিল চেন্নাইয়িন এফসি।
৪৯ মিনিটে কাসিমভ বলের নিয়ন্ত্রণ হারালে লুকাস ব্রামবিলা অনেকটা দৌড়ে গিয়ে বল জালে জড়িয়ে দেন। যার ফলে ২-০ গোলে এগিয়ে যায় চেন্নাইয়িন। ৬২ মিনিটে মহমেডানের জো জোহেরলিয়ানার শট ক্রসবারে লাগে। ৭১ মিনিটে ফ্রাঙ্কার ক্রস থেকে গোলের সুযোগ নষ্ট করেন ভানলালজুইডিকা ছাকছুয়াক।
খেলা যখন শেষের দিকে এগিয়ে চলেছে তখনই ম্যাচে ফেরে মহমেডান। ইনজুরি টাইমের পাঁচ মিনিটের মাথায় দুরন্ত গোল করেন মনবীর সিং। এরপর লালডিনপুইয়া মনবীর সিংকে ফাউল করে লাল কার্ড দেখেন। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ফানাই। ইনজুরি টাইমের ১২ মিনিটের মাথায়। ফলে শেষ অবধি লড়াই চালানোর সুফল পেল সাদা কালো ব্রিগেড।
চলতি আইএসএলে চেন্নাইয়িন এফসিকে দুবার হারানোর সুযোগ হাতছাড়া হলেও রুদ্ধশ্বাস ড্র সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে থাকল। ১৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বাদশ স্থানে মহমেডান। ১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চেন্নাইয়িন এফসি রয়েছে দশে।












Click it and Unblock the Notifications