ISL 2024-25: জামশেদপুর পরাস্ত, চলতি আইএসএলে ঘরের মাঠে প্রথম জয় হায়দরাবাদের
ISL 2024-25: আইএসএলে এবার ঘরের মাঠে প্রথম জয়ের স্বাদ পেল হায়দরাবাদ এফসি। জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে তারা ৩-২ গোলে হারাল জামশেদপুর এফসিকে।
এদিনের ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল হায়দরাবাদ। যদিও চার মিনিটের ব্যবধানে জোড়া পেনাল্টি থেকে গোল করে লিড নেয় জামশেদপুর। এরপর দ্বিতীয়ার্ধে দাপুটে ফুটবল খেলে আরও ২টি গোল করে তিন পয়েন্ট নিশ্চিত করে হায়দরাবাদ।

এর আগে চারটি সাক্ষাতেই জামশেদপুরের কাছে হেরেছিল হায়দরাবাদ। গত ৭ নভেম্বর তারা চলতি আইএসএলে হারিয়েছিল কেরালা ব্লাস্টার্স এফসিকে। তারপর এতদিন বাদে ফের জয়ের স্বাদ পেল নিজামের শহর। শেষ ৯টি ম্যাচে প্রথম জয়।
মহম্মদ রফির গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল হায়দরাবাদ এফসি। এবারের আইএসএলে রফির প্রথম গোলের পিছনে অবদান রয়েছে মনোজ মহম্মদের। এরপর সমতা ফেরানোর জন্য আক্রমণে যায় জামশেদপুর। মনোজ বক্সের ভিতর জাভি হার্নান্ডেজকে ফাউল করে বসেন।
ফলে পেনাল্টি পায় জামশেদপুর। ২৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান জাভি। এর মিনিট তিনেক পর জর্ডন মারে হায়দরাবাদের বক্সে ঢুকে পড়লে আলেক্স সাজি ফাউল করেন। ফের পেনাল্টি। ২৮ মিনিটে পেনাল্টি থেকেই জাভির দ্বিতীয় গোল।
বিরতিতে ২-১ গোলে এগিয়ে ছিল জামশেদপুর। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলই খেলতে শুরু করে হায়দরাবাদ। আক্রমণ, প্রতি-আক্রমণে দ্বৈরধ জমাটি হতে থাকে। রামলুনচুঙ্গার কাছ থেকে বল পেয়ে তা জালে জড়িয়ে সমতা ফেরান জোসেফ সানি, ম্যাচের ৬৯ মিনিটের মাথায়।
এর মিনিট পাঁচেক পরেই জয়সূচক গোলটি পেয়ে যায় হায়দরাবাদ। মনোজের থেকে বল পেয়ে তা প্রতিপক্ষের জালে জড়াতে কোনও ভুল করেননি আন্দ্রেই আলবা। ম্যাচের ৭৪ মিনিটের মাথায়। এই গোলেই নিশ্চিত হয় হায়দরাবাদের তিন পয়েন্ট।
এদিনের ম্যাচ হেরে যাওয়ায় ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চার নম্বরেই রইল জামশেদপুর এফসি। ১৭ ম্যাচে ১৩ পয়েন্ট হলো হায়দরাবাদ এফসির। ১৩ দলের মধ্যে তারা রয়েছে ১২ নম্বরে। এদিন চলতি আইএসএলের তৃতীয় জয়টি পেল হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications