ISL 2024-25: ঘরের মাঠে হারের হ্যাটট্রিক মহমেডানের, চলতি আইএসএলে প্রথম জয় পেল হায়দরাবাদ
ISL 2024-25: মহমেডান স্পোর্টিং ক্লাব আইএসএলে ঘরের মাঠে হারের হ্যাটট্রিক করল। আজ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহমেডানকে ৪-০ গোলে চূর্ণ করল হায়দরাবাদ এফসি।
আজকের আগে অবধি চলতি আইএসএলে হায়দরাবাদ আর ইস্টবেঙ্গলই জয়ের মুখ দেখেনি। যদিও কলকাতা থেকেই তিন পয়েন্ট তুলে নিয়ে অনাকাঙ্ক্ষিত তালিকায় ইস্টবেঙ্গলের সঙ্গ ছাড়ল নিজামের শহর।

আইএসএল অভিযানে মহমেডান শুরুটা করেছিল হোঁচট খেয়ে। ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে হেরে যায়। এরপর এফসি গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে। নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাইয়ে গিয়ে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ১-০ গোলে স্মরণীয় জয় ছিনিয়ে নেয় সাদা-কালো ব্রিগেড।
তারপরেই ছন্দপতন। মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ০-৩ গোলে হারের পর কেরালা ব্লাস্টার্স এফসির কাছে ১-২ গোলে পরাস্ত হয় মহমেডান। এদিন ঘরের মাঠে টানা তৃতীয় পরাজয় মহমেডানের। ফলে পয়েন্ট তালিকায় নীচের দিক থেকে দ্বিতীয় স্থানে মহমেডান, ১৩ দলের মধ্যে শেষ স্থানে থাকা ইস্টবেঙ্গলের উপরে।
অন্যদিকে, হায়দরাবাদ এফসি বেঙ্গালুরু এফসির কাছে ০-৩ এবং পাঞ্জাব এফসির বিরুদ্ধে ০-২ গোলে হেরেছিল। চেন্নাইয়িন এফসির সঙ্গে ড্র করে নিজেদের তৃতীয় ম্যাচ। চতুর্থ ম্যাচে জামশেদপুর এফসির কাছে ১-২ গোলে হার। অবশেষে পঞ্চম ম্যাচে এসে জয়ের মুখ দেখল হায়দরাবাদ।
বল দখলের লড়াইয়ে মহমেডান শতাংশের বিচারে ৬০-৪০ ব্যবধানে এগিয়ে থাকলেও কাজের কাজটাই করতে পারেনি। মহমেডান যেখানে টার্গেটে শট রেখেছে ৪টি, তার থেকে একটি গোলও আসেনি। হায়দরাবাদ টার্গেটে শট রেখেছে ৬টি, গোল হয়েছে চারটি।
ম্যাচের ৪ মিনিটে অ্যালান ডি সুজা মিরান্ডার গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। ১২ মিনিটে স্টেফান সাপিচ ব্যবধান বাড়ান। ১৫ মিনিটে মিরান্ডার দ্বিতীয় গোলে হায়দরাবাদ এগিয়ে যায় ৩-০ গোলে। প্রথম ১৫ মিনিটে তিন গোল হজমের পর ম্যাচে ফেরাটা কঠিন হয়ে যায় বলে স্বীকার করেছেন সাদা কালো হেড কোচ আন্দ্রে চের্নিশভ।
বিরতিতে ৩-০ গোলেই এগিয়ে ছিল হায়দরাবাদ এফসি। ৫১ মিনিটে পরাগ শ্রীবাসের গোলে হায়দরাবাদ ৪-০ গোলে এগিয়ে যায়। ৩০ অক্টোবর নিজেদের মাঠে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হওয়ার আগে এদিনের জয় আত্মবিশ্বাস বাড়াল হায়দরাবাদের। মহমেডানের পরবর্তী ম্যাচ ৯ নভেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।
৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ এফসি উঠে এলো একাদশ স্থানে। ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মহমেডান নেমে গেল বারোয়। হারের ডাবল হ্যাটট্রিক করায় ইস্টবেঙ্গল এখনও চলতি আইএসএলে খাতাই খুলতে পারেনি।












Click it and Unblock the Notifications