ISL 2024-25: আইএসএলে কাল মোহনবাগান SG-র সামনে এফসি গোয়া, ধাক্কা খেল ইস্টবেঙ্গল
ISL 2024-25: আইএসএলে কাল গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। এখনও পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে হোসে মোলিনার দল।
এই ম্যাচ জিতলে বাকি প্রতিপক্ষদের চেয়ে ব্যবধান অনেকটাই বাড়াতে পারবে সবুজ মেরুন। যদিও ঘরের মাঠে বাগানকে কঠিন চ্যালেঞ্জ ছুড়তে প্রস্তুত মানোলো মার্কুয়েজের প্রশিক্ষণাধীন এফসি গোয়া।

আইএসএলে এখনও অবধি এই দুই দল পরস্পরের বিরুদ্ধে ৮টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ৫টিতে জিতেছে সবুজ মেরুন। গোয়ার জয় ২টিতে। একটি ম্যাচ ড্র। গত মরশুমে প্রথম সাক্ষাতে গোয়া জেতে, ফিরতি সাক্ষাতে জয় পায় সবুজ মেরুন।
মোহনবাগান সুপার জায়ান্ট চলতি আইএসএলে গত ৮টি ম্যাচের একটিতেও পরাস্ত হয়নি। জিতেছে ৭টিতে, একটি ড্র। কাল তারা নামবে টানা পঞ্চম জয় ছিনিয়ে নিতে। ২০২১ ও ২০২৩ সালের পর এই নজির বাগান গড়তে পারে তৃতীয়বার।
এবারের আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট ১১টি ম্যাচ খেলে ২২টি গোল পেয়েছে। ২০২১-২২ মরশুমে ১২ ম্যাচে ২৪ গোলের নজির ছুঁতে কাল দরকার ২টি গোল। কালকের ম্যাচেও গ্রেগ স্টুয়ার্টকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন মোলিনা। তবে জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতস, দেসন কামিংসরা গোয়ার রক্ষণে চাপ বাড়াতেই পারেন।
দুই দলের শেষ তিনটি দ্বৈরথেই পেত্রাতসের গোল থাকলেও গত ৬টি ম্যাচে তিনি গোল পাননি। তবে লিস্টন কোলাসো, মনবীর সিংদের পাশাপাশি রক্ষণভাগের ফুটবলাররাও গোল করে দলতে জেতাতে ভূমিকা রাখছেন। টম অলড্রেড, রড্রিগেজ, দীপেন্দু বিশ্বাসরা রয়েছেন সেই তালিকায়। কোলাসো ঘরের মাঠে নিজেকে উজাড় করে দিতে চাইবেন।
মোলিনা বলেন, শিল্ড জেতার চেষ্টা অবশ্যই করব। তবে তার আগে জরুরি কালকের ম্যাচে জয়। আমরা কঠোর পরিশ্রম করছি। ক্লাব, ম্যানেজমেন্ট সব ম্যাচে জয় চায়। আমাদের সকলের সেটাই লক্ষ্য। সব বিভাগে ভালো খেলতে হবে। দলের মধ্যে বোঝাপড়া ভালো রাখতে হবে। গ্রেগ স্টুয়ার্ট ও ধীরজ সিং বাদে সকলেই খেলার জন্য তৈরি। কামিংস, আশিকরা বেঞ্চ থেকে নেমেই দলের হয়ে অবদান রাখছেন, সেটা বড় বিষয়।
এফসি গোয়া দলে রয়েছেন সাদিকু, বোরহার মতো প্লেয়াররা। যাঁরা গোলের মধ্যে আছেন। সন্দেশ ঝিঙ্গন, আকাশ সাঙ্গওয়ান থেকে শুরু করে কার্ল ম্য়াকহিউ, বরিস সিং, উদান্ত সিংরা রয়েছেন। কাল জিতলে বা ড্র করলে ওডিশা এফসিকে সরিয়ে তিন নম্বর জায়গার দখল করে নেওয়ার সুযোগ রয়েছে গোয়ার। সবমিলিয়ে হাড্ডাহাড্ডি দ্বৈরথের অপেক্ষা।
চলতি আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বেঙ্গালুরু এফসি। ১২ ম্যাচে ওডিশা এফসির রয়েছে ১৯ পয়েন্ট। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট রয়েছে গোয়ার। ফলে ড্র রাখলেও তারা দখলে নেবে তিন নম্বর জায়গাটি।
এদিকে, ধাক্কা খেল ইস্টবেঙ্গল। ওডিশা এফসি ম্যাচে হাঁটুতে চোট লেগেছিল মাদিহ তালালের। আশঙ্কাকে সত্যি করে ইস্টবেঙ্গলের তরফে এদিনই জানানো হলো, চলতি আইএসএলে আর খেলতে পারবেন না মিডফিল্ডার তালাল।












Click it and Unblock the Notifications