ISL 2024-25: দ্বিতীয়ার্ধেই তিন গোল! চলতি আইএসএলে বেঙ্গালুরুর অপরাজেয় তকমা ঘোচাল এফসি গোয়া
ISL 2024-25: চলতি আইএসএলে বেঙ্গালুরু এফসির অপরাজেয় তকমা ঘোচাল এফসি গোয়া। আজ ঘরের মাঠে তারা জয় ছিনিয়ে নিল ৩-০ গোলে। তিনটি গোলই হলো দ্বিতীয়ার্ধে।
চলতি মরশুমের আইএসএলে এটি বেঙ্গালুরু এফসির প্রথম হার। অবশ্য তা সত্ত্বেও বেঙ্গালুরু এফসি পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল।

৯ মাস চোটের কারণে বাইরে থাকার পর আজ এফসি গোয়ার রক্ষণভাগ সামলাতে অগ্রণী ভূমিকা নিলেন সন্দেশ ঝিঙ্গন। এডগার মেন্দেজের-নেতৃত্বে বেঙ্গালুরুর ফুটবলাররা যেভাবে আক্রমণ তুলে আনছিলেন তা নির্বিষ করতে অবদান রাখলেন সন্দেশ। তিনি ফেরায় এফসি গোয়ার রক্ষণভাগ অনেকটাই জমাট দেখিয়েছে।
ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৬৩ মিনিটে ডেডলক ভাঙেন আর্মান্দো সাদিকু। চলতি আইএসএলে দুরন্ত ফর্মে রয়েছেন। এদিন ইয়াসিরের ক্রসকে গোলকে পরিণত করলেন। ৭২ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ব্রিসন ফার্নান্দেজ এফসি গোয়ার দ্বিতীয় গোলটি করেন। এ ক্ষেত্রেও অবদান রয়েছে সাদিকুর।
বেঙ্গালুরু এফসিকে এদিন ভোগাল মাঝমাঠের দুর্বলতা। বিরতির পর সুরেশ সিং ওয়াংজামকে নামানো হলেও লাভ কিছু হয়নি। বেঙ্গালুরু এফসি গোয়ার রক্ষণকে সেভাবে চাপের মুখে ফেলতে পারেনি। একইভাবে আক্রমণও দানা বাঁধেনি। শুরুর দিকে বেঙ্গালুরু এফসির রক্ষণভাগ মজবুত দেখালেও পরে নতিস্বীকার করে গোয়ার তৈরি করা চাপের কাছে।
ইনজুরি টাইমে গোয়ার তৃতীয় গোলটি করেন দেজান ভ্রাজিচ। নভেম্বরের ৬ তারিখ ঘরের মাঠেই পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে মানোলো মার্কুয়েজের প্রশিক্ষণাধীন এফসি গোয়া। ৮ নভেম্বর নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে জেরার্ড জারাগোজার প্রশিক্ষণাধীন বেঙ্গালুরু এফসি। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এলো গোয়া।












Click it and Unblock the Notifications