ISL 2024-25: বরিসের গোলে আইএসএলে প্রথম পাঁচে এফসি গোয়া, ঘরের মাঠে হার কেরালা ব্লাস্টার্স এফসি-র
ISL 2024-25: আইএসএলে লিগ তালিকার প্রথম পাঁচে পৌঁছে গেল এফসি গোয়া। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স এফসিকে ১-০ গোলে হারিয়ে।
ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল এফসি গোয়া। দ্বিতীয়ার্ধে মরিয়া চেষ্টা চালিয়েও গোয়ার শক্তিশালী রক্ষণ ভেদ করতে পারেনি ব্লাস্টার্স। ফলে ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করল তারা।

বল দখলের লড়াইয়ে কেরালা ব্লাস্টার্সই অনেকটা এগিয়ে ছিল। তবে কাজের কাজটা করে গেল এফসি গোয়া। এই নিয়ে আইএসএলে পারস্পরিক ২১তম সাক্ষাতে কেরলের দলটির বিরুদ্ধে দ্বাদশ জয়টি ছিনিয়ে নিল তারা। কেরালা জিতেছে ৫টিতে, ড্র চারটি ম্যাচ।
কেরালা ২টির বেশি শট টার্গেটে রাখতে পারেনি। গোয়া টার্গেটে রেখেছে পাঁচটি শট, একটি থেকে গোল এসেছে। ব্লাস্টার্স যেখানে ৫টি ক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট হয়েছে বা সুযোগ তৈরি করেও তিন কাঠিতে বল রাখতে পারেনি, সেই সংখ্যা গোয়ার ক্ষেত্রে ৬।
কর্নার ব্লাস্টার্স যেখানে চারটি আদায় করেছে, সেখানে গোয়া পেয়েছে ২টি। কেরলের তিনজন হলুদ কার্ড দেখেন, গোয়ার ২ জন। পাস ও টাচের নিরিখে গোয়ার চেয়ে এগিয়ে থেকেও প্রতিপক্ষের গোলমুখ খুলতে না পারাই ভোগাল কেরালা ব্লাস্টার্সকে।
দুই দলের মধ্যে ফারাক গড়ে দিল বরিস সিংয়ের গোল। চলতি মরশুমের প্রথম গোলটি তিনি করেন ম্যাচের ৪০ মিনিটের মাথায়। দ্বিতীয়ার্ধে ব্লাস্টার্স গোয়ার বক্সে অনেকগুলি আক্রমণ তুলে এনেছিল। তবে সমতা ফেরাতে পারেনি। যার সুবাদে এফসি গোয়া জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল।
বেঙ্গালুরু ও পাঞ্জাব এফসিকে হারানোর পর এদিনের জয় গোয়াকে তুলে নিয়ে গেল পঞ্চম স্থানে। এটি চলতি মরশুমে তাদের চতুর্থ জয়। কেরালা ব্লাস্টার্স চলতি আইএসএলে পঞ্চম পরাজয়ের সম্মুখীন হলো। পয়েন্টের নিরিখে গোয়া ধরে ফেলল নর্থইস্ট ইউনাইটেড এফসি ও পাঞ্জাব এফসিকে।
৯ ম্যাচে নর্থইস্ট ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ টেবলের তিনে। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট পাঞ্জাবের, আছে চারে। ৯ ম্যাচে গোয়ার পয়েন্টও ১৫। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি রয়েছে ৯ নম্বরে।












Click it and Unblock the Notifications