ISL 2023-24: অফ লাইনেও পাওয়া যাবে ডার্বির টিকিট, কোথায়-কখন পাবেন? জানুন বিস্তারিত
বেজে গিয়েছে ডার্বির দামামা। এখনও বাংলায় তাপমাত্রার পারদ খুব একটা বাড়েনি, কিন্তু ময়দান জুড়ে বড় ম্যাচের উত্তাপ ক্রমেই বাড়ছে। টিকিটের দাম প্রকাশের পরই বিতর্কের ঝড় উঠেছে। আগে জানানো হয়েছিল ৬ মার্চ দুপুর তিনটে থেকে শুরু হবে ডার্বির টিকিট বিক্রি। তবে কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে সেটা পিছিয়ে যায়। এরপর অবশ্য অনো লাইনে টিকিট বিক্রি শুরু হয়। আজ থেকে অফ লাইনেও টিকিট কাটতে পারবেন দুই দলের সমর্থকরা।
ইস্টবেঙ্গল সমর্থকরা ডার্বির টিকিট কাটতে পারবেন ক্লাব থেকেই। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব থেকে অনলাইন টিকিট রিডিম করা যাবে। পাশাপাশি অফলাইন টিকিটও পাওয়া যাবে ক্লাব থেকেই। শুক্রবার বেলা ৩ থেকে অফ লাইনের টিকিট বিক্রি শুরু হবে। আগামী শনি ও রবিবার সকাল ১০.৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত টিকিট বিক্রি হবে।

মোহনবাগান ক্লাব এই ডার্বির টিকিট বিক্রি করতে না চাওয়ায় ডার্বির টিকিট পাওয়া যাবে মহমেডান মাঠ থেকে। আইপিএল-এর টিকিট দেওয়া হয়, সেখান থেকেই বড় ম্যাচের টিকিট কাটতে পারবেন সবুজ মেরুন সমর্থকরা। টিকিট বিক্রির সময় সূচি একই থাকছে। দুই ক্লাবের জন্য টিকিটের দামের তারতম্য থাকায় মোহনবাগান ক্লাব স্পষ্ট জানিয়ে দিয়েছে,, তারা ডার্বি ম্যাচের টিকিট বিক্রি করবে না, কিনবেও না। কর্তারা ডার্বি ম্যাচে মাঠে না যাওয়ার সিদ্ধান্তই নিলেন।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ক্লাবের একটি বিবৃতিতে জানিয়েছেন , 'ফুটবলের মতো জনপ্রিয় খেলাকে অসম্মান করেছে ইস্টবেঙ্গল ক্লাব। নজিরবিহীন ভাবে এই প্রথম হোম টিমের দ্বিগুণ দামে অ্যাওয়ে টিমের সমর্থকদের টিকিট কিনতে হচ্ছে। ইস্টবেঙ্গলের এই বৈষম্যমূলক আচরণের জন্য আমরা বড় কোনও টিকিট বিক্রি করব না বা কিনব না। এটা কর্তাদের তরফে বয়কট বলে ধরা হোক।'
যদিও টিকিটের দামের পার্থক্য নিয়ে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। রবিবার রাত ৮.৩০ মিনিট থেকে বড় ম্যাচ শুরু হবে। এবার ম্যাচের সময় এক ঘণ্টা পিছিয়ে আসায় সমর্থকদের সমস্যা দেখা গিয়েছে। বিশেষ করে দূর থেকে যেই সমর্থকরা আসছেন, তাঁদের সমস্যা দেখা দেবে বেশি।












Click it and Unblock the Notifications