ISL 2023-24: ডার্বি জিতে সবুজ মেরুনের লক্ষ্য এবার লিগ শিল্ড, সমর্থকদের কী বার্তা দিলেন বিশাল-দিমিত্রিরা?
ডার্বি জিতে লিগের শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে মোহনবাগান এসজি। যুবভারতীতে চির প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে হারানোর পর এবার লিগ শিল্ডের স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে সবুজ মেরুন শিবিরের। আইএসএল, ডুরান্ড চ্যাম্পিয়ন হলেও লিগ শিল্ড জয় এখনও অধরা মোহনবাগান এসজির কাছে। এবার সেই অধরা মাধুরী ছোঁয়ার সুবর্ণ সুযোগ রয়েছে গঙ্গা পারের ক্লাবের সামনে।
ম্যাচের নায়ক বিশাল কাইথ থেকে দিমিত্রি ডার্বি জয়ের পর প্রত্যেকের মুখেই লিগ শিল্ড জয়ের কথা। তবে বড় ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটা বজায় রেখেও মোহনবাগান এসজি কোচ হাবাস কিন্তু বেশ সতর্ক। বাগান বস আপাতত ম্যাচ বাই বাই ভাবতে চাইছেন। এই মিশনে তাঁর পরের লক্ষ্য বুধবারের কেরল ম্যাচ। বড় ম্যাচ জয়ের পর বিশ্রামের কোনও অবকাশই নেই সবুজ মেরুন শিবিরে।

ম্যাচের আরও নায়ক দিমিত্রির কথায়, 'সমর্থকদের সামনে গোল করতে পেরে ভালো লাগছে, তবে আমার গোলের থেকেও দলের জয় এবং তিন পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দল হিসাবে খেলি। এই ম্যাচের টার্নিং পয়েন্ট বিশালের পেনাল্টি সেভটাই।' গোলদাতা লিস্টন কোলাসো বলেন, 'এই গোল আমার ভালোবাসার মানুষকে উপহার দিতে চাই। পাশাপাশি অবশ্যই মোহনবাগান সমর্থকদের।'
ডার্বি জিতে পয়েন্ট টেবলের শীর্ষে মোহনবাগান এসি। এখানেই আত্মতুষ্ট হতে নারাজ হাবাসের দল। লক্ষ্য প্রতি ম্যাচ ধরে এগনো এবং লিগ শিল্ড জয়। কিন্তু ইতিমধ্যেই পরের ম্যাচের ভাবনা ঢুকে পড়েছে হাবাসের মনে। হাবাস বলছেন, আমাদের কাজ বাকি রয়েছে। ১৩ মার্চ কেরলের বিরুদ্ধে ম্যাচ। প্রতি ম্যাচে আমাদের জিতে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে।
প্রথমার্ধের তুলনায় দল দ্বিতীয়ার্ধে অনেকটাই ফ্লপ। এই প্রসঙ্গে কোচ হাবাস বলেন, 'কেন আমাদের ফুটবলাররা দ্বিতীয়ার্ধে দাঁড়িয়ে পড়ল সত্যিই বুঝতে পারলাম না। সাজঘরে আমি কিন্তু ফুটবলারদের বার বার বুঝিয়েছিলাম, আক্রমণ ছাড়লে চলবে না। হয়তো প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যাওয়ায় কেউ কেউ মানসিকভাবে সন্তুষ্ট হয়ে গিয়েছিল।"
বুধবার কোচিতে কেরলের বিরুদ্ধে ম্যাচ। জয়ের ছন্দ ধরে রাখতে চান হাবাস। তাঁর কথায়, "আমরা একনম্বরে। দল ভাল খেলছে। চোট নেই। এবার আমাদের কেরল, মুম্বই ম্যাচের কথা ভাবতে হবে। রিকভারির সময় নেই। তিন দিনের মাথায় ম্যাচ। আমরা ধাপে ধাপে এগোতে চাই। এখনই ফাইনাল নিয়ে ভাবতে চাই না।"












Click it and Unblock the Notifications