ISL 2023-24: কেরলের বিরুদ্ধে দলে ফিরছেন দুই নির্ভরযোগ্য ফুটবলার, হারের হ্যাটট্রিক বাঁচানোর চ্যালেঞ্জ ফেরান্দোর
বুধবার বছরের শেষ ম্যাচে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি। আইএসএলের পর পর দুই ম্যাচে হেরে বেশ চাপে পড়ে গিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। ফলে হারের হ্যাটট্রিক এড়ানো যেমন লক্ষ্য জুয়ানো ফেরান্দোর দলের তেমনই জয় দিয়েই বছরটা শেষ করতে চাইছেন শুভাশিস-কিয়ানরা।
চোট আঘাতের সমস্যায় জর্জরিত সবুজ মেরুন শিবির। প্রতিদিনই বাড়ছে চোটের তালিকা। এরমধ্যেই স্বস্তি সংবাদ একটাই কার্ড সমস্যা কাটিয়ে কেরল ম্যাচে দলে ফিরছেন আশিস রাই এবং হেক্টর । ফলে অস্বস্তির জায়গাও অনেক রয়েছে। গত ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রক্ষণের ভরসা হ্যামিল। কেরলের বিরুদ্ধে বাগান ডিফেন্ডার খেলতে পারবেন না।

কেরল ম্যাচ প্রসঙ্গে বাগান কোচ বলেন, 'খুবই কঠিন ম্যাচ হতে চলেছে আমাদের কাছে।আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমরা পরের ম্যাচের জন্য পুরোপুরি তৈরি। আমাদের লক্ষ্য তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া।'
হ্যামিল না থাকায় রক্ষণে বাড়তি দায়িত্ব নিতে হবে হেক্টরকে। এই প্রসঙ্গে তিনি বলেন, 'হ্যামিলের দুভার্গ্য বলা যেতে পারে শেষ ম্যাচে যেভাবে চোট পেয়েছেন। তবে দল হিসাবে আমরা এই ম্যাচের জন্য তৈরি। লুনার জন্য আমরা তৈরি আছি, আমাদের লক্ষ্য তিন পয়েন্ট।'
আইএসএলের পয়েন্ট টেবলে ২ নম্বর রয়েছে কেরল। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৩, মোহনবাগান এসজি ৯ ম্যচে ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। এখনও পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। পাঁচবার জিতেছে সবুজ মেরুন। ১ ম্যাচ ড্র হয়েছে। এই ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারেন প্রীতম কোটাল।
গত মরসুমের অধিনায়ককে দল থেকে ছেড়ে দিয়েছিল মোহনবাগান এসজি। নিজের পুরানো দলের বিরুদ্ধে সেরাটা দিতে চাইবেন উত্তরপাড়ার বঙ্গ সন্তান। ম্যাচ জিতে টেবলের শীর্ষে পৌঁছে যাবে কেরল। ম্যাচের আগে কেরল কোচ ইভান বলেন, আমাদের দলে একঝাঁক ভালো ফুটবলার রয়েছেন, তাঁদের দুর্দান্ত চরিত্র রয়েছে, নিজেদের শীর্ষে দেখতে পারলে অবশ্যই ভালো লাগবে।












Click it and Unblock the Notifications