ISL 2023-24: মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল ফাইনালে, ওডিশা বিদায় নিতেই খেতাবি লড়াই কলকাতায়
ISL 2023-24: আইএসএলের ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। দর্শকঠাসা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওডিশা এফসিকে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২-০ গোলে হারাল আন্তোনিও লোপেজ হাবাসের দল।
জেসন কামিংসের গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সাহাল আবদুল সামাদের গোল লিগ-শিল্ড জয়ী বাগানকে পৌঁছে দিল ফাইনালে। যা অনুষ্ঠিত হবে কলকাতায়।

ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম লেগের সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে ২-১ গোলে হারিয়ে কলকাতায় এসেছিল ওডিশা এফসি। ফাইনালের টিকিট নিশ্চিত করতে দরকার ছিল ২-০ ব্যবধানে জয়। যা নিশ্চিত হয় এদিনের ম্যাচের ইনজুরি টাইমে।
৩-২ গোলপার্থক্যে ওডিশাকে ছিটকে দিয়ে বেঙ্গালুরু এফসির পর মোহনবাগান সুপার জায়ান্টও পরপর ২ বার আইএসএল ফাইনাল খেলবে। ২২ মিনিটের মাথায় মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে গিয়েছিল জেসন কামিংসের গোলে। বক্সের বাইরে থেকে নেওয়া দিমিত্রি পেত্রাতসের শট রুখে দিয়েছিলেন গোলকিপার অমরিন্দর সিং।
যদিও অমরিন্দর বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি। সুযোগসন্ধানী জেসন কামিংস ওডিশা এফসির জালে বল জড়িয়ে দিতে দেরি করেননি। এরপর গোল শোধ করতে রয় কৃষ্ণরা মরিয়া হলেও সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি। দুই দলের মধ্যে আত্মবিশ্বাসী বেশি লাগছিল সবুজ মেরুনকেই।
৩৮ মিনিটে লিস্টন কোলাসোর প্রয়াস রুখে দেন অমরিন্দর সিং। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল শোধ করার কাছাকাছি পৌঁছে গিয়েছিল ওডিশা এফসি। রয় কৃষ্ণর বাড়ানো ক্রসে হেড করেছিলেন ইসাক রালতে, বল গোললাইন অতিক্রম করার আগে তা রুখে দেন সতর্ক ভিক্টর ইউস্তে।
দ্বিতীয়ার্ধেও গোল পেতে ঝাঁপায় ওডিশা এফি। ৫৩ মিনিটে জেরির শট রুখে দেন বাগান গোলরক্ষক বিশাল কাইথ। মোহনবাগান সুপার জায়ান্টও গোলপার্থক্যে এগিয়ে যাওয়ার প্রয়াস চালাতে থাকে। অনিরুদ্ধ থাপা, পেত্রাতসরা প্রয়াস চালাচ্ছিলেন। ওডিশাও সমতা ফিরিয়ে গোলপার্থক্যে এগিয়ে যাওয়ার প্রয়াস জারি রাখে।
রয় কৃষ্ণ ৬৯ মিনিটে রালতেকে বল বাড়াতে গেলে মনবীর সিং গোল কিকের বিনিময়ে বাগানকে বিপন্মুক্ত করেন। ৭১ মিনিটে থাপার জায়গায় সামাদকে নামান হাবাস। ৭৯ মিনিটে আনওয়ার আলি ও লিস্টনকে তুলে নিয়ে দীপেন্দু বিশ্বাস ও কিয়ান নাসিরিকে নামান হাবাস। এতে ম্যাচে আরও বেশি রাশ নেয় মোহনবাগান সুপার জায়ান্ট।
নির্ধারিত ৯০ মিনিট অবধি বাগান ১-০ গোলে এগিয়ে থাকায় গোলপার্থক্য ছিল ২-২। ৭ মিনিটের ইনজুরি টাইম দেন রেফারি। মিনিট তিনেকের মধ্যেই বাগানের জয়সূচক গোল। মনবীরের শট ধরতে গিয়ে বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি অমরিন্দর। সামাদের শরীরে লেগে বল জালে জড়িয়ে যায়। হ্যান্ডবল হয়েছে বলে অমরিন্দর দাবি করলেও তাতে পাত্তা দেননি রেফারি।












Click it and Unblock the Notifications