ISL 2023-24: প্লে-অফের আশা এখনও ছাড়ছেন না কুয়াদ্রাত, জাতীয় দলের শিবিরের আগে স্টিমাচের চিন্তা বাড়ালেন কে?
ডার্বি হারলেন কার্লেস কুয়াদ্রাত, কিন্তু চিন্তা বাড়ল ইগর স্টিমাচের। বড় ম্যাচে চোট পেয়ে হুইলচেয়ারে করে মাঠ ছাড়লেন লালচুংনুঙ্গা। এরফলে জাতীয় শিবির শুরুর আগে চিন্তা বাড়াল জাতীয় দলের হেড কোচ স্টিমাচের। রবিবার মোহনবাগান এসজির বিরুদ্ধে ম্যাচে চোট পান নুঙ্গা। স্ট্রেচারে করেই মাঠ ছাড়তে দেখা গেল তাঁকে।
ম্যাচ শেষে আরও উদ্বেগজন চিত্র দেখা গেল। নিজের পায়ে হেঁটে টিম বাসে উঠার অবস্থাতেই ছিলেন না জাতীয় দলের এই ফুটবলার। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য প্রাথমিক যো স্কোয়াড ঘোষণা করেছেন স্টিমাচ, তাতে নাম আছে নুঙ্গার। কিন্তু বড় ম্যাচে যেভাবে চোট পেয়ে মাঠ ছাড়লেন তাতে তাঁর ফিট হতে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

বড় ম্যাচে দলের পারফরম্যান্স প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ বলেন, 'দ্বিতীয়ার্ধে আমাদের ফুটবলাররা যেভাবে ম্যাচে ফিরে আসে, সে জন্য আমি গর্বিত। ওরা দেখিয়ে দিল যে, ওদের কাছে আরও বড় লক্ষ্য আসলে কী। দারুণভাবে লড়াই করেছে। আমার মনে হয়, দ্বিতীয় গোলটা করে দিতে পারলে ওরা সমস্যায় পড়ে যেত। আমরা একাধিক ভাল সুযোগ তৈরি করেছি।
এই ম্যাচ হারার ফলে ইস্টবেঙ্গলের প্লে অফের রাস্তা খুবই কঠিন হয়ে গেল। পয়েন্ট তালিকার ১০ নম্বরে লাল-হলুদ বাহিনী। ১৯টি ম্যাচে ১৮ পয়েন্ট তাদের।খাতায় কলমে তাদের প্লে অফে ওঠার সম্ভাবনা থাকলেও সেই পথ একেবারেই সোজা নয়। সেখানে বাকি সব ম্যাচে জিতলেই শুধু হবে না, অন্যান্য দলগুলির ম্যাচেও একাধিক অঘটন ঘটা প্রয়োজন।
মোহনবাগানের কাছে হারের পরেও প্লে-অফ নিয়ে আশাবাদী ইস্টবেঙ্গল কোচ। তাদের পরের খেলা ৩ এপ্রিল। মাঝের সময়টা জাতীয় দলের শিবির ও ম্যাচের জন্য লিগ বন্ধ থাকবে। বিশ্রাম পেয়ে ছেলেরা শক্তিশালী হয়ে ফিরে আসবে বলে মনে করেন ইস্টবেঙ্গল কোচ। বলেছেন, "প্লে-অফে যাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। প্রত্যেকেই নিজের সেরাটা দিচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে চাই।"
বিগত কয়েক মরশুমে বড় ম্যাচে নামার আগেই ফলাফল ঠিক হয়ে যেত। চির প্রতিপক্ষ মোহনবাগানের(তৎকালীন এটিকে মোহনবাগান)কাছে হার যেন অবধারিত ছিল। এই মরশুমে কিছুটা হলেও সেই কাটিয়ে উঠছে। পাঁচটি ডার্বির মধ্যে দুটিতে জয় পেয়েছে লাল হলুদ এবং একটি ম্যাচ ড্র করেছে।












Click it and Unblock the Notifications