ISL 2023-24: বদভ্যাস ঘুচল না! এগিয়ে থেকেও জামশেদপুরের কাছে হার ইস্টবেঙ্গলের, রেফারিং নিয়ে অসন্তোষ কুয়াদ্রাতের
ISL 2023-24: আইএসএলে কখনও টানা ২টি ম্যাচে জেতেনি ইস্টবেঙ্গল। আজ সেই সুযোগ ছিল। কিন্তু জামশেদপুরে সুযোগ নষ্টের প্রদর্শনী উপহার দিয়ে শেষ অবধি শূন্য হাতেই ফিরছে ইস্টবেঙ্গল।
নন্দ কুমারের করা গোলে বিরতিতে লাল হলুদ এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম। ফলে আরও একবার এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট কার্লেস কুয়াদ্রাতের দলের। ইস্টবেঙ্গল হেড কোচের গলায় ফের রেফারিং নিয়ে অসন্তোষ।

জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেকে এই ম্যাচে আজ লাল হলুদ জার্সি গায়ে প্রথম ম্যাচটি খেললেন আলেকজান্ডার প্যান্টিচ। তবে তেমন নজর কাড়তে পারলেন না। নন্দ কুমার গোল করলেও তাঁর এবং নওরেম মহেশের খেলা খুশি করতে পারেনি লাল হলুদ ভক্তদের। মহেশ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন।
এদিন শুরু থেকেই ইস্টবেঙ্গল ছিল ব্যাকফুটে। জেরেমি মানজোরো ও ইমরান খান ভালোই পরীক্ষার মুখে ফেলেন লাল হলুদ গোলকিপার প্রভসুখন গিলকে। ইস্টবেঙ্গল ম্যাচে ফিরতে কিছুটা সময় নেয়। প্রথমার্ধে লাল হলুদ এগিয়ে যায় জামশেদপুরের রক্ষণের ভুলে। তা কাজে লাগিয়ে ক্লেইটন সিলভার থেকে বল পেয়ে জালে জড়াতে দেরি করেননি নন্দ কুমার।
বাঁ প্রান্ত থেকে শট নিয়েছিলেন ক্লেইটন। উংগয়াম মুরিয়ামের গায়ে লেগে বল যায় নন্দর পায়ে। টিপি রেহনেশকে পরাস্ত করে নিজের পঞ্চম গোলটি করেন নন্দ। এই গোলের সৌজন্যে ইস্টবেঙ্গল বিরতিতে এগিয়ে ছিল ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে আক্রমণ, প্রতি আক্রমণে এগোতে থাকে ম্যাচ।
নন্দ, ক্লেইটন, মহেশরা গোল করার পরিস্থিতি তৈরি করলেও কাজের কাজ করতে পারছিলেন না। পরিবর্ত হিসেবে নামা বিষ্ণুর শট রেহনেশ দক্ষতার সঙ্গে বাঁচান। এর কিছুক্ষণ পর নিশু কুমারের ক্রসে বিষ্ণু মাথা ছোঁয়ালেও তা পোস্টে প্রতিহত হয়। ফলে ভাগ্য়ও সঙ্গে ছিল না।
জামশেদপুর এফসির পরিবর্ত প্লেয়ার হিসেবে মাঠে নামার ২ মিনিটের মধ্যেই গোল করে সমতা ফেরান রেই তাচিকাওয়া। এই গোল পাওয়ার পর জামশেদপুর লিড নেওয়ার চেষ্টা চালাতে থাকে। একের পর এক আক্রমণ ধেয়ে আসে ইস্টবেঙ্গলের রক্ষণের দিকে। এরই মধ্যে ইনজুরি টাইমে বিপজ্জনক পজিশনে ফ্রি কিক পায় জামশেদপুর।
মহম্মদ রাকিপ লাল হলুদ বক্সের দিকে ধাবমান চিমাকে বাধা দিয়েছিলেন। যা অবৈধ বলে গণ্য করে ফ্রি কিকের নির্দেশ দেন রেফারি। লাল হলুদ শিবির এই সিদ্ধান্ত নিয়ে অখুশি। ম্যাচের পর রেফারির এই উপহারের কথা তুলে কটাক্ষ করেছেন কার্লেস কুয়াদ্রাত। ফ্রি কিক থেকে ম্যাচের শেষ লগ্নে জয়সূচক গোলটি করেন ম্যাচের সেরা মানজোরো।
এই জয়ের সৌজন্যে ১৭ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে জামশেদপুর এফসি চলে এলো ষষ্ঠ স্থানে। ইস্টবেঙ্গলের প্লে-অফে ওঠার পথ আরও কঠিন হয়ে গেল। ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে অষ্টম স্থানে লাল হলুদ। যেভাবে প্লেয়াররা গোলের তৈরি করছেন তাতে খুশি কুয়াদ্রাত, তবে ফিনিশিংয়ের অভাব নিয়ে উদ্বিগ্ন নন। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। জামশেদপুর ১ মার্চ খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications