ISL 2023-24: মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ড্র ইস্টবেঙ্গলের, জামশেদপুরকে হারাল বেঙ্গালুরু
ISL 2023-24: আইএসএলে আজ ছিল ডাবল হেডার। প্রথম ম্যাচে নিজেদের মাঠে বেঙ্গালুরু এফসি হারিয়ে দিল জামশেদপুর এফসিকে। অন্যদিকে, মুম্বইয়ে অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট নিশ্চিত করল ইস্টবেঙ্গল।
মুম্বই সিটি এফসির বিরুদ্ধে লাল হলুদের অ্যাওয়ে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচ গোলশূন্য ড্র মুম্বই সিটি এফসির।

মুম্বইয়ের নতুন কোচ বিনীত রায়ের পরিবর্তে এদিন শুরু থেকে নামান জয়েশ রানেকে। আর্জেন্তিনার স্ট্রাইকার হোসে পেরেরা দিয়াজের সঙ্গে রানে লাল হলুদ রক্ষণকে চ্যালেঞ্জের মুখে ফেলছিলেন। কয়েকটি সুযোগও তৈরি করেছিলেন। কিন্তু গোলমুখ খোলা যায়নি।
ইস্টবেঙ্গলও সুযোগ তৈরি করছিল। বিশেষ করে সাউল ক্রেসপো ও বোরহা হেরেরা নিজেদের মধ্যে পাস খেলতে খেলতে গোল করার পরিস্থিতি তৈরি করেন। সাউলের জোরালো শট পোস্টে প্রতিহত না হলে ৩৪ মিনিটেই এগিয়ে যেতে পারত ইস্টবেঙ্গল। বিরতিতে ফলাফল গোলশূন্যই থাকে।
দ্বিতীয়ার্ধেও পেরেরা ও দিয়াজের তালমিল মুম্বইয়ের গোলমুখ খোলার আশা জোরালো করেছিল। ৭৩ মিনিটে বিপিন সিংয়ের ক্রস থেকে গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন রস্টিন গ্রিফিথস, কিন্তু সতর্ক ছিলেন লাল হলুদ গোলরক্ষক প্রভসুখন গিল। ঘরের মাঠে তিন পয়েন্ট নিশ্চিত করতে শেষ ৩০ মিনিট লালিয়ানজুয়ালা ছাংতে, আবদেনাসের আল খয়াতিদের খেলালেও স্কোরলাইন বদলায়নি।
২০ ডিসেম্বর মুম্বই সিটি এফসি খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। ২২ ডিসেম্বর ইস্টবেঙ্গল হোম ম্যাচ খেলবে ওডিশা এফসির বিরুদ্ধে। এদিনের অপর ম্যাচে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি হারাল জামশেদপুর এফসিকে। ৪৪ মিনিটে পেনাল্টি থেকে গোল জাভি হার্নান্দেজের।
আজকের ড্রয়ের ফলে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানেই রইল মুম্বই সিটি এফসি। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এদিন চলতি আইএসএলে দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে নয়ে। জামশেদপুর এফসি ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে ১২ দলের মধ্যে দশম স্থানে।












Click it and Unblock the Notifications