ISL 2023-24: বেঙ্গালুরু এফসিকে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল, পাঞ্জাব ম্যাচে নেই দুই তারকা
ISL 2023-24: আইএসএলে লিগ পর্বে নিজেদের শেষ হোম ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কার্লেস কুয়াদ্রাতের প্রশিক্ষণাধীন দল ২-১ গোলে হারাল বেঙ্গালুরু এফসিকে।
যদিও এই জয়ের পরও অস্বস্তি কাটল না ইস্টবেঙ্গলের। অকারণে হলুদ কার্ড দেখে পাঞ্জাব এফসির বিরুদ্ধে শেষ ম্যাচ থেকে ছিটকে গেলেন দুই তারকা।

প্রথম ছয়ে থেকে প্লে-অফে যেতে ইস্টবেঙ্গলকে শুধু সব ম্যাচে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও। এই পরিস্থিতিতে আজ চাপের মুখেও তিন পয়েন্ট ঘরে তুলল লাল হলুদ বাহিনী। ১৯ মিনিটে পেনাল্টি থেকে সাউল ক্রেসপোর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
বিরতিতে ১-০ গোলেই এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুনীল ছেত্রী। যদিও ফের একবার লাল হলুদের পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন ক্লেইটন সিলভা। ৭৩ মিনিটে তিনি জয়সূচক গোলটি করে স্বস্তি এনে দেন দল ও সমর্থকদের কাছে।
যদিও ম্য়াচের শেষ লগ্নে সময় নষ্ট করার জন্য হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গল গোলকিপার প্রভসুখন গিল। যিনি চলতি আইএসএলে লাল হলুদ বাহিনীকে নির্ভরতা দিয়ে এসেছেন। পাঞ্জাব এফসি ম্যাচে তাঁর না থাকা ইস্টবেঙ্গলের কাছে বড় ধাক্কা। এই ধাক্কার পরই ফের ধাক্কা খায় লাল হলুদ।
ইনজুরি টাইমে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন আমন সিকে। খালি গোল পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন। তাঁর শট রুখে দেন গুরপ্রীত সিং। এরপর সৌভিক ও সাউল ক্রেসপো হলুদ কার্ড দেখেন। যার জেরে সৌভিকও পরের ম্যাচে খেলতে পারবেন না।
টানা দুটি ম্যাচ জেতার ফলে ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে ইস্টবেঙ্গল। ২০ ম্যাচে ২৪ পয়েন্টে দাঁড়িয়ে চেন্নাইয়িন এফসি। অঙ্কের হিসেবে বেঙ্গালুরুর সামনেও প্লে-অফের রাস্তা বন্ধ হয়নি। তবে কাজটা কঠিন। ইস্টবেঙ্গলের ভাগ্য নির্ভর করবে চেন্নাইয়িন এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের উপর।
চেন্নাইয়িন এফসি মঙ্গলবার নর্থইস্ট ইউনাইটেড এফসি ও ১৪ এপ্রিল এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে। নর্থইস্টের রয়েছে ২০ ম্যাচে ২৩ পয়েন্ট, তারা রয়েছে আটে। চেন্নাইয়িন ম্যাচের পর নর্থইস্টের শেষ ম্যাচ ওডিশা এফসির বিরুদ্ধে। ১০ এপ্রিল ইস্টবেঙ্গল খেলবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে।
ইস্টবেঙ্গল শেষ ম্যাচ জিতলেও প্লে-অফ নিশ্চিত হবে না। একমাত্র নর্থইস্ট ইউনাইটেড যদি তিন পয়েন্ট নষ্ট করে বাকি ২টি ম্যাচে এবং নর্থইস্টও পয়েন্ট খোয়ায় তবেই লাল হলুদের পথ মসৃণ হবে।












Click it and Unblock the Notifications