ISL 2023-2024: বড় ম্যাচের আগে ফুটবলারদের বাড়তি ছুটি দিলেন হাবাস, শীর্ষে উঠতে ডার্বিই পাখির চোখ মোহনবাগান এসজির
জামশেদপুরের বিরুদ্ধে জয়ের ফলে লিগ টেবলে দুই নম্বরে উঠে এসেছে মোহনবাগান এসজি। এবার সবুজ মেরুনের লক্ষ্য এক নম্বর স্থানে পৌঁছানো। হাবাসের হাত ধরেই ফের ছন্দ ফিরে পেয়েছে সবুজ মেরুন শিবির। ব্যর্থতার ধারা কাটিয়ে আবার পুরানো ছন্দ ফিরে পেয়েছে পাল তোলা নৌকা। জামশেদপুর ম্যাচ জয়ের পর বাগানের ফোকাসে ঢুকে পড়েছে ডার্বি।
১০ মার্চ ডার্বি হবে না এটা এক প্রকার নিশ্চিত। কিন্তু কবে হবে বড় ম্যাচ? সেটা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। তবে হাবাসের দল বড় ম্যাচের প্রস্তুতি শুরু করবে আগামী মঙ্গলবার থেকে। জামশেদপুর ম্যাচে জয়ের পর আপাতত ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন কোচ হাবাস। টানা বেশ কয়েকটি ম্যাচ খেলতে হয়েছে সবুজ মেরুনকে।তাই বড় ম্যাচের আগে ফুটবলারদের তরতাজা রাখতে তিন দিন অনুশীলন বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছেন কোচ হাবাস।

কেন সব ম্যাচ জামশেদপুরের স্টাইলে খেলবে না দল? সেই কারণ ব্যাখ্যা করে হাবাস হলেন, 'একই স্টাইলে খেলা হলে প্রতিপক্ষ আমাদের পরিকল্পনা সহজেই বুঝে যাবে। অনেক সুযোগও তৈরি করেছে ওরা। আমরা ৭৫ মিনিট ভাল খেলেছি। প্রথমার্ধের শেষ দিকে কিছু ভুলভ্রান্তি হয়েছে আমাদের। বাকি সময়টা আমরাই ভালোই ফুটবল খেলেছি। যার ফলে স্কোরও সে রকমই হয়েছে।''
দিমিত্রি বলে গেলেন, "ডার্বি বড় ম্যাচ। অনেক সমর্থক আসেন। কয়েকটা দিন সময় পাব প্রস্তুতি নেওয়ার। আমরা তিন পয়েন্টের লক্ষ্যেই নামব। বড় ম্যাচের আগে এই জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। কে গোল করল সেটা বড় কথা নয়। দলের তিন পয়েন্ট পাওয়াটাই আসল।" সোনি নর্ডির 'স্টেনগান' সেলিব্রেশনের মতোই গোলের পর উল্লাস প্রকাশ করতে দেখা যায় অজি স্ট্রাইকারকে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
জামশেদপুরের বিরুদ্ধে জয়ের সৌজন্যে মোহনবাগান এসজি লিগের লড়াইয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ওডিশা এফসি। হাবাসের দল ওডিশার চেয়ে এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট ঘরে তুলে নিয়েছে। ফলে শীর্ষস্থান দখলের ক্ষেত্রে হাবাসের দল ফেভারিট। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট মুম্বই সিটি এফসির।
শীর্ষস্থানে উঠতে বড় ম্যাচকেই টার্গেট করেছেন মনবীর সিংরা। একদিকে যেমন ডার্বিতে জিতলে সম্মানের যুদ্ধে জয় পাওয়া যাবে তেমনই লিগের ফার্স্ট বয়ও হয়ে যাবে সবুজ মেরুন।












Click it and Unblock the Notifications