আইএসএলে মুম্বই সিটি এফসি ছিনিয়ে নিল প্রথম জয়, অ্যাওয়ে ম্যাচে হার ওডিশা এফসির
চলতি আইএসএলে প্রথম জয়ের স্বাদ পেল মুম্বই সিটি এফসি, প্রথম হার ওডিশা এফসির। আজ মুম্বইয়ের মুম্বই ফুটবল অ্যারেনায় মুম্বই সিটি জয় পেল ২-০ গোলে। ৫০ মিনিটে শুভম সারেঙ্গির আত্মঘাতী গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ব্যবধান বাড়ান বিপিন সিং।

(ছবি- এফএসডিএল)
প্রথমার্ধে দুই দলই গোলমুখ খুলতে পারেনি। মুম্বই সিটি এফসির রক্ষণভাগ বেশ জমাট ছিল। দুই দলই কয়েকটি আক্রমণ তুলে আনলেও ফাইনাল থার্ডের ব্যর্থতায় গোল পায়নি। প্রতি আক্রমণে কয়েকবার গোল করার লক্ষ্যে উঠে এসেছিল ওডিশা এফসি, কিন্তু মুম্বইয়ের রক্ষণ ছিল দুর্ভেদ্য। প্রথমার্ধে মুম্বইয়ের হয়ে নজর কাড়েন বিপিন সিং, বাঁ প্রান্ত থেকে তিনি বেশ কয়েকটি ভালো ক্রস ভাসিয়েছিলেন। ওডিশার হয়ে লড়াই চালাতে থাকেন জেরি, মরিসিওরা।
দ্বিতীয়ার্ধের মিনিট পাঁচেকের মধ্যেই এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। লালিয়ানজুয়ালা ছাংতে ডান প্রান্ত দিয়ে আক্রমণ শানিয়ে কয়েকজন ডিফেন্ডারকে পরাস্ত করে শট মেরেছিলেন। তা রুখে দেন গোলরক্ষক অমরিন্দর সিং। কিন্তু ওডিশার দুর্ভাগ্য, অমরিন্দরের রুখে দেওয়া বল সারেঙ্গির পায়ে লেগে জালে জড়িয়ে যায়। তাঁর কিছু করার পরিস্থিতিও ছিল না। এরপর গোল শোধের মরিয়া চেষ্টা চালাতে থাকে ওডিশা। কিন্তু সেই আক্রমণগুলি প্রতিহত হতে থাকে রক্ষণে। মুম্বইয়ের গোলকিপার দিয়েগো মরিসিওর একটি ভালো শট রুখে দেন। গ্রেগ স্টুয়ার্টের অনবদ্য ভলি বিশ্বমানের সেভে জালে জড়াতে দেননি অমরিন্দরও। ৯০ মিনিটের পর আরও ৪ মিনিট গোল শোধের সুযোগ পেয়েছিল ওডিশা। কিন্তু শেষ লগ্নে বিপিন সিংয়ের গোলে জয়ের ব্যবধান বাড়ে মুম্বইয়ের। স্টুয়ার্ট মাঝমাঠ থেকে বল পেয়ে আক্রমণে উঠে এসে নিঃস্বার্থভাবে বিপিনের দিকে বল বাড়ান। তা থেকে গোল করেন বিপিন।
এই জয়ের সুবাদে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে চলে এলো মুম্বই সিটি এফসি। সমসংখ্যক ম্যাচে হায়দরাবাদ এফসির পয়েন্টও সমান, তবে গোলপার্থক্য়ে এগিয়ে থাকার দৌলতে শীর্ষস্থানে রয়েছে নিজামের শহর। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সাতে নেমে গেল ওডিশা এফসি। গোলপার্থক্যের দৌলতে এগিয়ে থেকে ছয়ে উঠে এলো এফসি গোয়া। কাল আইএসএলে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে নামবে এটিকে মোহনবাগান। সবুজ মেরুন শিবির নামবে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার সন্ধানে। কেরালা ব্লাস্টার্স পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে, এক ম্যাচে তাদের সংগ্রহে ৩ পয়েন্ট। এটিকে মোহনবাগান রয়েছে নয় নম্বরে।












Click it and Unblock the Notifications