আইএসএলের ফাইনাল কোন শহরে ও কবে? কলকাতার জন্য কি থাকছে খুশির খবর?
আইএসএলের ফাইনার এবারও হবে গোয়ায়। ফতোরদার নেহরু স্টেডিয়ামে ১৮ মার্চ। অনলাইনে ৫ মার্চ থেকে টিকিট বিক্রি শুরু।
আইএসএলের গ্রুপ পর্যায়ের খেলাগুলি শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি। তারপর থেকে শুরু প্লে-অফের লড়াই। ইস্টবেঙ্গলের কাছে নিজেদের ঘরের মাঠে ০-১ গোলে হারলেও লিগ শিল্ড খেতাব জিতে নিয়েছে মুম্বই সিটি এফসি। তাদের সঙ্গেই সেমিফাইনালে গিয়েছে হায়দরাবাদ এফসি। আজ ঘোষণা করা হলো ফাইনালের স্থান ও দিনক্ষণ।

প্লে-অফের দৌড়ে কারা?
আইএসএলে এবার প্রথম দুটি দল সেমিফাইনালে চলে গিয়েছে। সেমিফাইনাল খেলা হবে দুটি লেগে। তবে তিন থেকে ছয়ে যারা থাকবে তাদের সেমিফাইনালে যেতে খেলতে হবে নক আউট ম্যাচ। এটিকে মোহনবাগান শেষ ম্যাচে জিতলে তৃতীয় স্থান ধরে রাখতে পারবে। তাদের সঙ্গেই ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট করে রয়েছে বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স এফসির। এটিকে মোহনবাগানের খেলা বাকি রয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।

ওডিশা বা গোয়ার মধ্যে একটি দল যাবে
ষষ্ঠ দল হিসেবে কারা প্লে-অফে যাবে তা নির্ভর করছে ওডিশা এফসি বনাম জামশেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া ম্যাচের ফলাফলের উপর। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট রয়েছে ওডিশা এফসির। ১৯ ম্যাচে ২৭ পয়েন্ট রয়েছে এফসি গোয়ার। ওডিশা এফসি ড্র করলেই প্লে-অফে পৌঁছে যাবে। তবে তারা যদি হেরে যায় এবং এফসি গোয়া জেতে সেক্ষেত্রে গোয়ার দলটিই গোলপার্থক্যে এগিয়ে থেকে পৌঁছে যাবে নক আউটে। মার্চের ২ ও ৩ তারিখ রয়েছে দুটি নক আউট।

সেমিফাইনাল ও ফাইনাল
সেমিফাইনালের প্রথম লেগ হবে মার্চের ৬ ও ৮ তারিখ। দ্বিতীয় লেগের খেলা ১১ ও ১২ মার্চ। মুম্বই সিটি এফসির খেলা পড়েছে ৬ ও ১১ মার্চ। মার্চের ৮ তারিখ ও ১২ তারিখ হায়দরাবাদ এফসির সেমিফাইনাল। তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে নক আউট ম্যাচের ফলাফলের ভিত্তিতেই। কার হাতে কাপ উঠবে তা জানা যাবে ১৮ মার্চ গোয়াতেই। গোয়ার দলটি এখনও প্লে-অফে যায়নি। তবে তার আগেই ফাইনাল আয়োজনের দায়িত্ব পাওয়া গোয়ার ফুটবল মহলকে খুশিই করল।

ফতোরদায় ফাইনাল
অনুশীলনের মাঠ ও পরিকাঠামোর কথা মাথায় রেখে গোয়ার ফতোরদাকেই আইএসএল ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে। ১৮ মার্চ হবে আইএসএল ফাইনাল। তার আগে অনলাইনে BookMyShow.com-এ ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে ৫ মার্চ থেকে। পরিবার নিয়ে যাঁরা গোয়াতে আইএসএল ফাইনাল দেখতে যাবেন তাঁদের কথা মাথায় রেখে আয়োজন করা হচ্ছে কার্নিভালের। তবে এটা কলকাতা তথা বাংলার ফুটবলপ্রেমীদের পক্ষে মোটেই সুখবর নয়। কেন না, এটিকে মোহনবাগান ফাইনালে গেলে তা স্টেডিয়ামে বসে দেখতে পারবেন না ফুটবলের মক্কার সমর্থকরা। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবারও পেল না আইএসএল ফাইনাল আয়োজনের দায়িত্ব।












Click it and Unblock the Notifications