দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল! আইএসএলে জামশেদপুরের বিরুদ্ধে ওডিশার নাটকীয় জয়
আইএসএলে ঘরের মাঠে জামশেদপুর এফসির মুখের গ্রাস কেড়ে নিল ওডিশা এফসি। প্রবল বৃষ্টির কারণে জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ শুরু হয়েছিল নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি দেরিতে। বৃষ্টির মধ্যেই চলল খেলা। হলো পাঁচটি গোল। প্রথম ১০ মিনিটে ২ গোলে এগিয়ে যাওয়া জামশেদপুর এফসি অবশ্য হেরে গেল শেষ লগ্নে মিনিট দুয়েকের ব্যবধানে জোড়া গোল হজম করেই।

(ছবি- এফএসডিএল)
ম্যাচের ৩ মিনিটের মাথায় প্রথম গোলটি করে জামশেদপুর এফসিকে এগিয়ে দিয়েছিলেন ড্যানিয়েল চিমা চুকউ। ১০ মিনিটে বরিস সিং থাংজমের গোলে ব্যবধান বেড়ে হয় ২-০। দিয়েগো মাউরিসিও (Diego Mauricio) ১৭ মিনিটে গোল করে ব্যবধান কমান। প্রথম দিকে ওডিশা রক্ষণের উপর চাপ তৈরি করছিল জামশেদপুরই। কিন্তু প্রথম গোলটি পাওয়ার পর ক্রমেই ম্যাচে ফেরে ওডিশা। দুই দলের রক্ষণভাগই প্রথমার্ধে জমাট ছিল। গোলের নীচে দুই দলের গোলকিপাররাও তৎপর থাকায় বিরতিতে খেলার ফল ছিল ২-১।
একটা সময় মনে হচ্ছিল জামশেদপুর তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারবে। যদিও ম্যাচের রং বদলে গেল শেষ মুহূর্তে। ৮৮ মিনিটে আউজাক ভানলালরুয়াতফেলার থেকে বল পেয়ে জোরালো শটে গোলকিপার টি পি রেহনেশকে পরাস্ত করেন আইজাক চাকচুয়াক। এই গোলের সুবাদে সমতা ফেরায় ওডিশা এফসি। যার মিনিট দুয়েক পর জয়সূচক গোলটি করেন মাউরিসিও। এই গোলের ক্ষেত্রেও অবদান রয়েছে আউজাক ভানলালরুয়াতফেলার। তিনি ক্রস বাড়ানোর চেষ্টা করেছিলেন। বলটি পিটার হার্টলের গায়ে লেগে চলে যায় মাউরিসিওর পায়ে। এরপর বল জালে জড়াতে কোনও ভুল করেননি তিনি। পরের চার মিনিটে আর গোল শোধ করতে পারেনি জামশেদপুর।
জয়সূচক গোলটি করা মাউরিসিওই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। এই জয়ের সুবাদে ওডিশা এফসি চলে এলো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। জয় দিয়েই অভিযান শুরু করল ওডিশা এফসি। গোলপার্থক্যে এগিয়ে থেকে শীর্ষস্থানেই রইল কেরালা ব্লাস্টার্স এফসি। কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের প্রথম হোম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে প্রথম জয় ছিনিয়ে নিতে মুখিয়ে থাকবে স্টিফেন কনস্টানটাইনের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গল।












Click it and Unblock the Notifications