ISL: আইএসএলে পেত্রাতসের গোলে বেঙ্গালুরুকে হারাল এটিকে মোহনবাগান, জয় পেল হায়দরাবাদও

আইএসএলে অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দিল এটিকে মোহনবাগান। আজ বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতস। এদিনের অপর ম্যাচে চেন্নাইয়িন এফসিকে ৩-১ গোলে পরাস্ত করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে হায়দরাবাদ এফসি।

পেত্রাতসের গোলে বেঙ্গালুরুকে হারাল এটিকে মোহনবাগান

(ছবি- এফএসডিএল)

এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে দাপট নিয়েই শুরু করে সুনীল ছেত্রী, রয় কৃষ্ণদের বেঙ্গালুরু এফসি। কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল। সবুজ মেরুন গোলরক্ষক বিশাল কাইথকে একা পেয়েও বল জালে রাখতে পারেননি জাভিয়ের হার্নান্দেজ। ম্যাচে তুল্যমূল্য লড়াইয়ে ফিরতে কিছুটা সময় নেয় এটিকে মোহনবাগান। এরপর থেকে হুয়ান ফার্নান্দোর প্রশিক্ষণাধীন দল ভালোই খেলেছে। ফ্রি হেডার মিস করেন লিস্টন কোলাসো। বিরতিতে অবশ্য কোনও দলই গোল করতে পারেনি।

ম্যাচের ৬৪ মিনিটে সুনীল ছেত্রীর থেকে বল পেয়ে তা রোশন নাওরেমকে লক্ষ্য করে বাড়িয়েছিলেন রয় কৃষ্ণ। তাঁর নেওয়া শট রুখে দেন বিশাল কাইথ। এর মিনিট দুয়েকের মধ্যেই এটিকে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন দিমিত্রি পেত্রাতস। আশিক কুরুনিয়ান বল দেন হুগো বুমোকে লক্ষ্য করে। বুমোর থেকে বল পেয়ে অনবদ্য দক্ষতায় গুরপ্রীত সিং সান্ধুর নাগাল এড়িয়ে বল জালে জড়িয়ে দেন পেত্রাতস।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভালো খেলার পুরস্কার এই গোল, যা চলতি আইএসএলে এটিকে মোহনবাগানের পঞ্চম জয় সুনিশ্চিত করল। ম্যাচের ৬৯ মিনিটে গোল করার ভালো সুযোগ পেয়েও তা হাতছাড়া করেন রয় কৃষ্ণ। ৮৩ মিনিটে প্রবীর দাসের পরিবর্ত হিসেবে নামা শিবা নারায়ণন বেঙ্গালুরুকে সমতা ফেরানোর কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁর শট ক্রসবারে প্রতিহত হয়। হায়দরাবাদ এফসিকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হারানোর পর এই অ্যাওয়ে ম্যাচে জয় এটিকে মোহনবাগানের মনোবল বাড়াল। ৮ ডিসেম্বর ঘরের মাঠে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে সবুজ মেরুন। আপাতত পয়েন্ট তালিকায় বাগান রইল চার নম্বরে। ৮ ম্যাচে তাদের ঝুলিতে ১৬ পয়েন্ট।

এদিন অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে হায়দরাবাদ এফসিও। চেন্নাইয়িন এফসিকে হারাল ৩-১ গোলে। প্রথমার্ধে গোল হয়নি। ৬৫ মিনিটে হায়দরাবাদ এগিয়ে যায় হলিচরণ নার্জারির গোলে। ৭১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেন্নাইয়িনের অজিত কুমার। ৭৪ মিনিটে ব্যবধান বাড়ান চিংলেসানা সি। ৭৮ মিনিটে পেতার স্লিসকোভিচের গোলে ব্যবধান কমাতে সক্ষম হয় চেন্নাইয়িন এফসি। ৮৫ মিনিটে বোরহা হেরেরার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় হায়দরাবাদ। এই ম্যাচে তিন পয়েন্ট ছিনিয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রইল হায়দরাবাদ। শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির সঙ্গে পয়েন্টের ব্যবধান দুই। ৯ ডিসেম্বর হায়দরাবাদ কলকাতায় খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+