আইএসএল-এ ওডিশা এফসি-কে হারিয়ে শেষ চারের টিকিট কার্যত পাকা নর্থ-ইস্টের
আইএসএল-এ ওডিশা এফসি-কে হারিয়ে শেষ চারের টিকিট কার্যত পাকা নর্থ-ইস্টের
গোয়ার তিলক ময়দানে আইএসএলের পয়েন্ট তালিকার একেবারে নীচে থাকা ওডিশা এফসি-কে গোলের মালা পরিয়ে শেষ চারে ওঠার দিকে এগিয়ে চলেছে নর্থ-ইস্ট ইউনাইটেড। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে রয়েছে খালিদ জামিলের দল। ম্যাচের গোড়া থেকেই আধিপত্য বজায় রেখেছে নর্থ-ইস্ট। ওডিশার রক্ষণভাগে আছড়ে পড়ছে একের পর এক আক্রমণ। জোড়া গোল করেছেন মাচাদো।

ম্যাচের ৯ মিনিটের মাথায় আশুতোষ মেহতার ক্রস থেকে ডান পায়ের শটে লুই মাচাদো-র গোলে এগিয়ে যায় নর্থ-ইস্ট। এরপর ১৯ মিনিটে গ্যালেগো-র বাড়ানো বলে ডান পায়ের শটে গোল করেন ব্রাউন, ব্যবধান বাড়ে। এর ঠিক ৫ মিনিট পরেই অনবদ্য গোল করেন মাচাদো। গ্যালেগোর বাড়ানো বলে মাথা ছুঁইয়ে ভ্যালেন্টাইন্স ডে-তে তাঁর দ্বিতীয় গোলটি করে সেলিব্রেশনে দুই হাত দিয়ে ভালোবাসার চিহ্ন দেখান মাচাদো। এরপরেও ওডিশার রক্ষণভাগকে ক্রমাগত পরীক্ষার মুখে ফেলে নর্থ-ইস্ট। বেশ কয়েকটি সুযোগ তৈরিও হয়। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান কমায় ওডিশা। গোল করেন ইনম্যান।
দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে অনেকটা এগিয়ে থাকলেও লাভ হয়নি ওডিশার। দুই দলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করেছিল। তবে রক্ষণভাগ বা বিপক্ষের গোলকিপাররা তা প্রতিহত করেন। ৮৪ মিনিটে ওডিশার সেরা সুযোগ নষ্ট হয়, টেলরের শট বারে লেগে ফিরে আসে। ম্যাচের ৮৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখেন গুরজিন্দর কুমার। ৩-১ গোলে এই ম্যাচ জেতায় ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট হলো নর্থ-ইস্টের। শেষ চারে ওঠা কার্যত নিশ্চিত হয়ে গেল খালিদ জামিলের দলের। সাত ম্যাচে অপরাজিত রইল নর্থ-ইস্ট। অন্যদিকে, ওডিশা আট ম্যাচে জয়ের মুখ দেখতে পারল না।












Click it and Unblock the Notifications