আইএসএল মঞ্চে এ কোন বেঙ্গালুরু? ফের এগিয়ে গিয়ে ধাক্কা! গোলহীন সুনীল
আইএসএল মঞ্চে এ কোন বেঙ্গালুরু? ফের এগিয়ে গিয়ে ধাক্কা! গোলহীন সুনীল
আইএসএল ২০২০তে যেন কিছুতেই ছন্দ খুঁজে পাচ্ছে না বেঙ্গালুরু এফসি। ২-১ এগিয়ে গিয়েও এদিন ম্যাচ জিততে পারল না সুনীল ছেত্রীরা।

দ্বিতীয়ার্ধে সুপার সাব হয়ে ম্যাচে নেমে উদান্ত সিং দুরন্ত গোলে বেঙ্গালুরুকে ২-১ এগিয়ে দিয়েছিলেন। বক্সের মধ্য়ে সুনীলের হেডে থেকে, নর্থ ইস্টের রক্ষণে ডিলান ফক্স বল ক্লিয়ার করতে গিয়ে মিস করেন। সেই বল থেকেই জোরালো শটে জাল কাঁপিয়ে উদান্ত গোল করে যান।
কিন্তু শেষরক্ষা হয়নি। ৭৮ মিনিটে লং বল থেকে বল পেয়ে ডিফেন্সকে বিট করে দারুণ ফিনিশ মাচাডোর। বাঁক খাওয়ানো শটে দেশের একনম্বর গোলকিপার গুরপ্রীতকে পরাস্ত করেন মাচাডো। এই গোলেই ২-২ ব্যবধানে নর্থ ইস্ট সমতায় ফেরে। পিছিয়ে থাকা অবস্থায় নর্থ ইস্টকে ম্যাচ থেকে ১ পয়েন্ট এনে দিয়ে ম্যাচের সেরা হয়েছেন মাচাডো।
প্রথমার্ধে এর আগে দুই দল ১-১ ব্যবধানে মাঠ ছেড়েছিল। অ্যাকশন প্যাক প্রথমার্ধে শুরুর ৩ মিনিটে রোচারজেলা শট নর্থ ইস্টকে এগিয়ে দেন। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শেষ গোলটি করেছিলেন। ভিপি সুহেরের সেন্টার থেকে গোল করেছিলেন রোচারজেলা। গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন, এদিন সেখান থেকেই যেন শুরু করলেন। বেঙ্গালুরুর ডিফেন্স গুছিয়ে ওঠার আগেই বেঙ্গালুরুর পোস্ট লক্ষ্য করে বাঁ-পায়ের দুরন্ত শট রোচারজেলার। তাঁর শট সতীর্থ মাচাডোর শরীরে লেগে জালে ঢোকে, তাই গোলটি লুইস মাচাডোকেই দেওয়া হয়েছে।
০-১ পিছিয়ে পড়লেও ম্যাচ ফিরতে বেঙ্গালুরু বেশি সময় নেয়নি। দশ মিনিটের মধ্য়েই বেঙ্গালুরু গোল শোধ করে। রাহুল ভেকের লম্বা থ্রো থেকে ১৩ মিনিটে জুয়ানন, জটলা থেকে গোল করে যান। তেকাঠির একদম সামনে থেকে গোল করায় নর্থইস্ট গোলরক্ষক গুরমীতের বাঁচানোর কোনও সুযোগ ছিল না।
শেষ পর্যন্ত ২-২ স্কোরলাইনে ম্যাচ ড্র হলেও দুই দল এখনও পর্যন্ত আইএসএল অপরাজেয় থাকল। কিন্তু চার ম্যাচে ৩টি ড্র বেঙ্গালুরুর। চেন্নাইয়ের বিরুদ্ধে সুনীলের পোনাল্টিতে জয় ছাড়া এখনও একটিও ম্যাচে পুরো পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু মাঠ ছাড়তে পারল না। অন্যদিকে এই নিয়ে আইএসএল ২০২০তে আজকের ম্যাচ মিলিয়ে ৩ ম্যাচে গোলহীন সুনীল ছেত্রী। তবে এদিন তাঁর হেড থেকে গোল এসেছে।












Click it and Unblock the Notifications