এ যেন পাড়া ফুটবলের ভুল! গোলকিপারের 'ব্রেনফেড'! কেরালা বধে মরসুমের প্রথম জয় গোয়ার
এ যেন পাড়া ফুটবলের ভুল! গোলকিপারের 'ব্রেনফেড'! কেরালা বধে মরসুমের প্রথম জয় গোয়ার
গো... গোয়া...গোল! আইএসএল ২০২০তে প্রথম জয় গোয়ার। ফতোদরা স্টেডিয়ামে এদিন কেরালা ব্লাষ্টার্সের বিরুদ্ধে ৩-১ গোলে ম্যাচ জিতল গোয়া। গোয়ার হয়ে দুটি গোল ইগর আনগুলো ও ওর্টিজ মেন্দোজার।

গোয়ার গোলমেশিন ইগর আনগুলো
আইএসএলে গোয়ার হয়ে প্রথম ম্যাচ থেকেই গোলের ছন্দে ইগর আনগুলো। এদিনও সেই ধারাবাহিকতা দেখালেন। কেরালা ব্লাষ্টার্সের বিরুদ্ধে ম্যাচে এদিন ৩০ মিনিটে ইগর আনগুলোর গোলে গোয়া ১-০ লিড পায়। গামার মাপা সেন্টার থেকে রান করে দুরন্ত টাচে কেরালার গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে রাখেন আনগুলো। সেই শটই পোস্টে লেগে তেকাঠিতে জড়ায়।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় গোয়া
কেরালার গোয়ান গোলকিপার অ্যালবিনো গোমেজ বল আটকাতে এগিয়ে এসে ছন্দ হারান। লাস্ট ম্যান অফ ডিফেন্সের এই ভুলেই গোল করে যান আনগুলো। পোলিশ ক্লাব গর্নিকের হয়ে গত মরসুমে তাঁর সবচেয়ে বেশি গোল ছিল। এবার আইএসএলে এসে গোয়ার হয়ে গোলমেশিনে পরিণত হয়েছেন তিনি। আইএসএল ২০২০তে গোয়ার প্রথম চারটি গোলই আনগুলোর। প্রথমার্ধে গোয়া ১-০ এগিয়ে থেকে মাঠে ছাড়ে।

পরীক্ষার মুখে গোমেজ
দ্বিতীয়ার্ধে ফিরেই এরপর শুরুতেই গোয়ার দুরন্ত আক্রমণ। ৪৮ মিনিটে রোমারিওর সঙ্গে পাস খেলে মেন্দোজা জোরোলো শটে কেরালার গোলকিপার গোমেজকে পরীক্ষার মুখে ফেলে দেন। শেষ পর্যন্ত দারুণ ফিস্টে তেকাঠির উপর দিয়ে বল বাইরে ঠেলে দেন গোমেজ। এর ৪ মিনিট পরে ফের আক্রমণ গোয়ার।

মেন্দোজার গোল
৫২ মিনিটে গোয়ার হয়ে ম্যাচের দ্বিতীয় গোল ওর্টিজ মেন্দোজার। এবার ব্রান্ডনের সঙ্গে পাস খেলে গোল করলেন। ব্রান্ডনের পাস থেকে বল জালে রাখেন ওর্টিজ। ২-০ এগিয়ে যায় গোয়া।

ভিসেন্তে গোমেজের দুরন্ত গোল
ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ৯০ মিনিটে ভিসেন্তে গোমেজের দুরন্ত গোল। নিসু কুমারের পাস থেকে হেডে বল গোয়ার জালে ঠেলে গিয়ে ব্যবধান কমান। ঘটনাময় শেষ কয়েক মিনিট, এরপরই কড়া ট্যাকেলের কারণে কোস্টা লাল কার্ড দেখলে কেরালা ব্লাষ্টার্স ১০ দশে পরিণত হয়।

ব্রেনফেড অ্যালবিনো গোমেজের
এরপরই ব্রেনফেড অ্যালবিনো গোমেজের। ইনজুরি টাইমের ৯৪ মিনিটে বল ধরে নিজের দলের রক্ষণভাগের ফুটবলারকে বাড়াতে গিয়ে ডানদিকে, গোয়ার আনগুলোর পায়ে বল ঠেলে দেন গোমেজ।সেখান থেকে সহজ সুযোগে গোল করে আইএসএল ২০২০তে ৪ ম্যাচে ৫ গোল করলেন আনগুলো।ফলে ৪ ম্যাচ শেষে আইএসএল ২০২০তে ৩-১ ব্যবধানে প্রথম জয় গোয়ার। অন্যদিকে ৪ ম্যাচ শেষেও প্রথম জয় ছিনিয়ে নিতে ব্যর্থ কেরালা।












Click it and Unblock the Notifications