ভোটের আগেই শহরে সুনীল ছেত্রীরা, যুবভারতীতে কুয়েত ম্যাচের ভারতীয় দল ঘোষিত
Indian Football Squad: সুনীল ছেত্রীর বিদায়ী ম্যাচ কলকাতাতেই। লোকসভা ভোটের আগেই শহরে পা রাখছে ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দল।
৩২ জন ফুটবলার ভুবনেশ্বরে ভারতীয় দলের শিবিরে অংশ নেন। তাঁদের মধ্যে ৫ জনকে ছেড়ে দিয়ে কুয়েত ম্যাচের দল ঘোষণা করা হলো।

যে ফুটবলারদের ছেড়ে দেওয়া হলো তাঁরা হলেন- ফুরবা লাচেনপা, পার্থিব গোগোই, ইমরান খান, মহম্মদ হামাদ ও জিতিন এমএস। বাকিরা ২৯ মে অবধি ভুবনেশ্বরের শিবিরে অনুশীলন করবেন। সেদিনই ভুবনেশ্বর থেকে কলকাতা আসার কথা রয়েছে ভারতীয় ফুটবল দলের।
কলকাতায় নির্বাচন ১ জুন। ফলে তার আগেই শহরে চলে আসছেন সুনীল ছেত্রীরা। ইতিমধ্যেই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠেয় ভারত-কুয়েত ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। ৬ জুন কলকাতায় ম্যাচ খেলার পর ভারতীয় দল কাতার রওনা হয়ে যাবে।
কাতারে গিয়ে ভারতীয় দল গ্রুপ এ-র বাকি দুটি ম্যাচ খেলবে। বর্তমানে চার ম্যাচে চার পয়েন্ট ভারত রয়েছে গ্রুপের দ্বিতীয় স্থানে। গ্রুপের শীর্ষে থাকা দুটি দল পৌঁছে যাবে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে। একই সঙ্গে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপে খেলার হাতছানিও রয়েছে।
যে পাঁচজন ফুটবলারকে আপাতত শিবির থেকে ছেড়ে দেওয়া হলো তাঁদের প্রসঙ্গে হেড কোচ ইগর স্টিমাচ বলেন, সকলেই দারুণ পেশাদার, কঠোর পরিশ্রমী। ফুটবলারদের মধ্যে প্রতিযোগিতাও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিশেষ করে জিতিন ও পার্থিব সুযোগ পাওয়ার বড় দাবিদার। পার্থিব ও হামাদ সম্প্রতি চোট পেয়েছিলেন। তাঁদের ৭-১৪ দিন বিশ্রামের প্রয়োজন।
কুয়েত ম্যাচের ভারতীয় দল: গোলকিপার- গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।
ডিফেন্ডার- অময় রানাওয়াড়ে, আনোয়ার আলি, জয় গুপ্তা, লালচুননুঙ্গা, মেহতাব সিং, নরেন্দর, নিখিল পূজারি, রাহুল ভেকে, শুভাশিস বোস।
মিডফিল্ডার- অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, এডমুন্ড লালরিনডিকা, জিকসন সিং থৌনাওজাম, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার সেকার, সাহাল আবদুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম।
ফরওয়ার্ড- ডেভিড লাললানসাঙ্গা, মনবীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং।












Click it and Unblock the Notifications